২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ফিরছেন জলিল

দুর্নীতির মামলায় জামিন পাওয়ার পর আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ফিরছেন আব্দুল জলিল। বুধবার হাইকোর্ট থেকে জামিন নিয়ে তিনি দলীয় পদে ফেরার কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় জামিন পাওয়ার পর আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ফিরছেন আব্দুল জলিল। বুধবার হাইকোর্ট থেকে জামিন নিয়ে তিনি দলীয় পদে ফেরার কথা জানান। দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানও বলেন, জামিন পাওয়ার পর থেকেই আব্দুল জলিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার হাইকোর্ট থেকে জামিন নিয়ে জলিল বলেন, "বিদেশ থেকে ফেরার পরও প্যারোলের শর্ত অনুযায়ী দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করিনি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককেই দায়িত্ব পালন অব্যাহত রাখতে বলেছিলাম। আজ (বুধবার) জামিন পাওয়ার পর আবারও আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলাম।" পরে তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন। ওই সময় ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিকদের বলেন, "দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি (জলিল) যখন জামিন পেয়েছেন, তখন থেকেই তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি কখন দায়িত্ব বুঝে নেবেন, সেটা তার ব্যাপার। আশা করি, তিনি দুই-একদিনের মধ্যে দায়িত্ব বুঝে নেবেন।" ২০০৭ সালের ২৮ মে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। কারাবন্দি এ নেতা গত ২ মার্চ প্যারোলে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। গত ৩১ আগস্ট দেশে ফেরেন। দেশে ফেরার পর অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। বুধবার আদালত তাকে ২০ অক্টোবর পর্যন্ত জামিন দেয়। জামিন পেয়ে আব্দুল জলিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "অসুস্থতার কারণে আমাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। শর্ত ছিল, প্যারোলে থাকাকালীন রাজনীতি করা যাবে না। সম্পূর্ণ সুস্থ হয়ে ৩১ আগস্ট আমি দেশে ফিরেছি। এখন আদালতও আমাকে জামিন দিয়েছে।" দলের দায়িত্বে ফেরার ঘোষণা দিয়ে তিনি বলেন, "আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, বিদেশ থেকে ফেরার পরপরই দলীয় পদে দায়িত্ব পালনের বিধান রয়েছে। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ জন্য বিদেশ থেকে ফেরার পরও প্যারোলের শর্ত অনুযায়ী দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করিনি।" বিদেশ যাওয়ার আগে কারা হেফাজতে দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল জলিলের একটি চিঠি তার স্ত্রী প্রকাশ করে। যাতে বলা হয়, প্রয়োজনে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। বুধবার সাংবাদিকরা ওই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "কারাবন্দি থাকা অবস্থায় কী চিঠি কোথায়-কীভাবে এসেছে, তা আপনারা সবাই বোঝেন। এ নিয়ে খুঁচিয়ে লাভ নেই। আমি ৪৫ বছর ধরে রাজনীতি করি। যতদিন বেঁচে থাকব, জনগণের কল্যাণে রাজনীতি করব। কেন খোঁচাচ্ছেন? বিভ্রান্তি ছড়াবেন না।" জলিল দাবি করেন, তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে তার স্ত্রী সরকারের কাছে আবেদন করেছিলেন। রাজনীতি ছেড়ে দেওয়া সম্পর্কিত কোনও চিঠি তার স্ত্রী পড়েননি। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে তিনি বলেন, "আমি চাই দুর্নীতিবিরোধী অভিযান চলুক। তবে দুর্নীতি দমনের নামে নিরাপরাধ মানুষকে যেন হয়রানি না করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসইউএম/এএল/এফএফ/এমআই/এমএইচবি/১৬৩২ ঘ.