ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের আগে উপজেলা নির্বাচন না করার বিষয়ে আগের অবস্থানেই থাকলেও নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে তৃতীয় দফা সংলাপ ফলপ্রসূ বলেই দাবি করেছে আওয়ামী লীগ। গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে তাদের মধ্যে ঐকমত্য হয়েছে দাবি করলেও এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি আওয়ামী লীগ নেতারা। তারা বলেছেন, ইসির বক্তব্য শুনে দলটি তার অবস্থান জানাবে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর বৃহস্পতিবার বিভিন্ন বিষয়ে ইসির অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
মঙ্গলবার তৃতীয় দফা সংলাপে ইসির সঙ্গে বসে আওয়ামী লীগ। এ দফায় ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের দলগুলো এতে অংশ নেয়নি।
সংলাপের শেষ দিন মঙ্গলবার দুপুর ২টায় আওয়ামী লীগের সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে ইসি। বিকাল ৪টার দিকে বৈঠক শেষ হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা বলেছি, সাধারণ নির্বাচনের আগে কিছুতেই উপজেলা নির্বাচন হতে পারবে না। এমনকি সংসদের আগে কোনও সিটি কর্পোরেশন নির্বাচনও আমরা চাই না।"
এছাড়া দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তি এবং নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে বলে জিল্লুর রহমান জানান।
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ্লু ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি।"
কোন কোন বিষয়- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, "তা এ মুহূর্তে বলা যাবে না। আমরা আমাদের কথা বলে এসেছি। দেখি নির্বাচন কমিশন কী বলে। কমিশনের বক্তব্যের পরই আমারা আমাদের বক্তব্য দেব।"
বিএনপি ছাড়া এই সংলাপ অর্থবহ হবে বলে মনে করেন কিনা- প্রশ্ন করা হলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আমরা আশা করি, চারদলীয় জোটও সংলাপে আসবে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "সংলাপে আমরা আমাদের বক্তব্য সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। আমরা সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই। এটা কমিশনকে বলে এসেছি।"
যুদ্ধাপরাধীদের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান জানতে চাওয়া হলে তোফায়েল আহমেদ বলেন, "আমাদের অবস্থান, নির্বাচনে যুদ্ধাপরাধীরা অংশ নিতে পারবে না। আর নির্বাচন কমিশনও এতে একমত।"
রোডম্যাপ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শেষ সময় পেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করে এ বিষয়ে তোফায়েল বলেন, "তারপরও নিবন্ধনে আমাদের আপত্তি নেই। কিন্তু, কিছু কিছু বিধান শিথিল করতে হবে। আমরা আশা করবো, সময়ের স্বল্পতার জন্য নির্বাচন কমিশন বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে।"
আওয়ামী লীগ এর আগে জানিয়েছিল, সংলাপে তারা জাতীয় নির্বাচনের আগে অন্য কোনও নির্বাচন না করা, জরুরি অবস্থা তুলে নিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালার কয়েকটি শর্ত (বিদেশে দলের শাখা, অঙ্গসংগঠন না রাখা ইত্যাদি) শিথিল, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে থাকা 'না ভোটের বিধান এবং সরকারি অনুদানভূক্ত (এমপিও) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করে যে বিধান রাখা হয়েছে প্রত্যাহারের দাবি জানাবে।
আওয়ামী লীগের এসব দাবির সঙ্গে ইসি সহমত পোষণ করেছে কি না- সৈয়দ আশরাফুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপেক্ষা করেন। পরে জানানো হবে।"
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত ও মতিয়া চৌধুরী।
ইসির পক্ষে ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন ও ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির।
দলগুলোর সঙ্গে সংলাপের পর বুধবার সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরার কথা ছিল। তবে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের পর এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ''বুধবার ইসি সংলাপের সব বিষয় নিয়ে বৈঠকে বসবে। দলগুলোর মতামত বিশ্লেষণ করে পরদিন (বৃহস্পতিবার) ইসির মতামত তুলে ধরা হবে।"
অধিকাংশ রাজনৈতিক দলের বিরোধিতার মধ্যেও জাতীয় নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "অপেক্ষা করুন, দেখবেন। (ওয়েট অ্যান্ড সি)।"
কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জিকু) ও ন্যাপ (মোজাফফর)
মঙ্গলবার আওয়ামী লীগের আগে কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জিকু) ও ন্যাপের (মোজাফফর) সঙ্গে সংলাপ করে ইসি।
ন্যাপ যুদ্ধাপরাধীদের নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়। একই দাবি জানায় কৃষক শ্রমিক জনতা লীগও। এ দল দুটি জরুরি অবস্থা প্রত্যাহার এবং আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। তবে জাসদ (জিকু) উপজেলা নির্বাচন আগে করার পক্ষে মত দেয়। জরুরি অবস্থায়ও নির্বাচনে আপত্তি নেই বলে দলটি ইসিকে জানায়।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির তৃতীয় দফা সংলাপ গত শনিবার শুরু হয়। প্রথম তিন দিনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিকল্প ধারা, জাসদ (ইনু), এলডিপি ও জাতীয় পার্টি (জেপি) সংলাপে অংশ নেয়।
আমন্ত্রিতদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট সংলাপে আসেনি। তবে সিইসি রোববার সাংবাদিকদের জানান, বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির পরই তারা সংলাপে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত নেবে। মঙ্গলবারের দুটিসহ খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায়ই জামিন পেয়েছেন। আইনজীবীরা আশা করছেন, দুই-একদিনের মধ্যেই তিনি মুক্তি পাবেন।
গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ করে নির্বাচন কমিশন। এরপর দ্বিতীয় দফা সংলাপ হয় এ বছর ফেব্র"য়ারিতে।
সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে। এর আগে অক্টোবরে সাড়ে তিনশ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা রয়েছে ইসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/এসকে/১৮৩২ঘ.
bdnews24