২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলু লাঞ্ছনার ঘটনায় যুবদলের তদন্ত কমিটি

বরকতউল্লাহ বুলুকে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত কমিটি করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরকতউল্লাহ বুলুকে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত কমিটি করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের সভাপতি বুলু লাঞ্ছনার প্রতিবাদে সোমবার এক সমাবেশে যুবদল সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন মূল দল বিএনপির মহাসচিবকে দেওয়া হবে। বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে যুবদল। গত ৪ সেপ্টেম্বর তারেক রহমান মুক্তির প্রাক্কালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এক দল কর্মী লাঞ্ছিত করে বরকতউল্লাহ বুলুকে। ওই দিন সাবেক প্রতিমন্ত্রী এহছানুল মিলন ও সাবেক সাংসদ বিলকিস ইসলামও লাঞ্ছিত হন। বুলুকে লাঞ্ছনার প্রতিবাদে সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সভায় মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, "ওই হামলার বিচার অবশ্যই করতে হবে। আমরা তদন্ত কমিটি করেছি। কমিটির প্রতিবেদন বিএনপি মহাসচিবকে দেব। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নইলে যুবদল ভবিষ্যতে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।" যুবদলে নেতৃত্বের কোন্দল নেই দাবি করে আলাল বলেন, "দলের সভাপতির ওপর কারা ওই হামলা করেছে, তাদের চিহ্নিত করতে হবে।" তিনি খালেদা জিয়ার মুক্তি এবং জরুরি অবস্থা তুলে নিয়ে সবার আগে সংসদ নির্বাচনের দাবি জানান। যুবদল সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার সারাদেশেই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বলে সভায় জানানো হয়। যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মহিবুল হাসান স্বপন, জসিমউদ্দিন মাহমুদ, এলাবার্ট পি কস্টা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন, মহানগর নেতা সাইফুল আলম নিরব, মীর নেওয়াজ আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৪২ ঘ.