ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির পরই নেবে বিএনপি।
ইসির পাঠানো চিঠি নিয়ে আলোচনা শেষে সোমবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের এ কথা জানান।
রোববার সকালে নির্ধারিত ইসির তৃতীয় দফা সংলাপে বিএনপি অংশ না নিয়ে তার কারণ ব্যাখ্যা করে একটি চিঠি দেয়। এর জবাবে সংলাপের আমন্ত্রণ জানিয়ে রোববার রাতেই পুনরায় আরেকটি চিঠি পাঠায় ইসি।
ওই চিঠি নিয়ে দলীয় ফোরামে আলোচনা শেষে তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, "ম্যাডাম (খালেদা) মুক্তি পেলেই সব সিদ্ধান্ত হবে, এর আগে নয়।"
খালেদা জিয়া ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার দুটিতে জামিন পেয়েছেন। বাকি দুটি মামলার জামিন আবেদনের শুনানি হবে মঙ্গলবার। এ দুটি মামলায়ও জামিন পেয়ে চলতি সপ্তাহেই খালেদা জিয়া কারামুক্ত হবেন বলে তার আইনজীবীরা আশা করছেন।
তানভীর সিদ্দিকী বলেন, "নেত্রীর (খালেদা) মুক্তি হলে বিএনপি সংলাপ ও নির্বাচনে যাবে। সিইসি যে চিঠি দিয়েছেন, তা আমরা পর্যালোচনা করেছি। এ বিষয়ে একটি খসড়া সুপারিশ আমরা তৈরি করছি।"
এর আগে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে দলীয় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় বৈঠক করেন বিএনপি নেতারা।
খোন্দকার দেলোয়ার ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন- তানভীর আহমেদ সিদ্দিকী, সহসভাপতি এমকে আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রমুখ।
গত ২৮ আগস্ট রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা নিয়ে আলোচনার জন্য খোন্দকার দেলোয়ারকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় ইসি।
কিন্তু বিএনপি এক চিঠিতে সংলাপে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছে, বর্তমান সংলাপে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কোনও অগ্রগতি হবে না। তাছাড়া বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে আলোচনা না করে বিভিন্ন আইন ও বিধি চাপিয়ে দেওয়ার পর এ ধরনের সংলাপ গ্রহণযোগ্য নয়।
এরপর রাতে ইসি বিএনপিকে আবার আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠায়।
ইসির চিঠিতে বলা হয়, "গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হলেও ভোটার তালিকা অধ্যাদেশ, সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা বিধিমালা নিয়ে কোনো আলোচনা হয়নি। এসব বিষয়ে কোনও মতামত থাকলে আশা করি, আপনারা শিগগরিই আলোচনায় আসবেন।"
গত শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপ শুরু করে ইসি। তবে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট শরিক জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটও সোমবারের নির্ধারিত সংলাপে যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসকে/১৬০৬ঘ.
bdnews24