২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ করে জামিন নিলেন মির্জা খোকনের স্ত্রী মাসুদা

দুর্নীতির মামলায় রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন ঢাকার ওয়ার্ড কাউন্সিলর মির্জা খোকনের স্ত্রী মাসুদা একরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 10:40 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন ঢাকার ওয়ার্ড কাউন্সিলর মির্জা খোকনের স্ত্রী মাসুদা একরাম। অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এ আত্মসমর্পণ করেন মাসুদা। আদালতে তার পক্ষে জামিনের আবেদন জানানো হলে বিচারক শাহেদ নূরউদ্দিন তা মঞ্জুর করেন। মাসুদা ও তার স্বামী মির্জা একরামুল হোসেন ওরফে মির্জা খোকনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন গত বছরের ১০ ডিসেম্বর মামলাটি করে। এতে অভিযোগ করা হয়, মির্জা খোকন ২৯ লাখ ৩৯ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনসহ ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৩১৮ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন। তার এই সম্পত্তি অর্জনে সহযোগিতা করেছেন মাসুদা। বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের ভাই খোকন পলাতক রয়েছেন। আয়কর ফাঁকির এক মামলায় তার আট বছর কারাদণ্ডাদেশ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৬৩৯ ঘ.