২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন সামনে রেখে বন্যার তথ্য নিচ্ছে ইসি

আগামী অক্টোবরে উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 05:10 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অক্টোবরে উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির নিয়মিত ব্রিফিংয়ে কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ''অনেক উপজেলায় বন্যা হচ্ছে। এসব এলাকার তালিকা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করছি।'' সচিব জানান, এসব তথ্য চেয়ে ইসি সচিবালয় থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ২৩ থেকে ৩০ অক্টোবরের মধ্যে উপজেলা ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার কথা রয়েছে উল্লেখ করে মুহম্মদ হুমায়ুন কবির জানান চলতি মাসের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে। তবে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কিনা- তা নির্বাচন কমিশন বিবেচনা করে দেখবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা গত ২১ জুলাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বিবিসিকে জানান, ইসি ২৩ অক্টোবর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে। আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করে আসছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর ইসি রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা নিয়ে ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছে। এ সময় জাতীয় ও উপজেলা নির্বাচনের বিষয়েও রাজনৈতিক দলগুলোর মতামত পাবে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এসকে/১০৫৫ঘ.