ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা অধ্যাপক রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জামিনে মুক্তি পেয়েছেন।
অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে মোস্তফা আশীষ ইসলাম এই বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
মোস্তফা আশীষ ইসলাম জানান, তার বাবাকে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে সাবেক এই মন্ত্রী ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অধ্যাপক রফিকুল ইসলামকে গত বছরের ২৯ মে আটক করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনিও নাইকো মামলায় একজন আসামী। ওই মামলায় কানাডীয় কোম্পানি নাইকোকে অনিয়মের মাধ্যমে গ্যাসক্ষেত্র বরাদ্দ দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতির অভিযোগ করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার সময়ের কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধেও নাইকো নিয়ে পৃথক মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১০৫ঘ.
bdnews24