ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করে মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলার বর্তমান বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি আদালত বদলের আবেদনও করেছেন।
বুধবার শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি বলেন, "বর্তমান বিচারকের আচরণে মনে হচ্ছে, এই আদালতে আমরা ন্যায়বিচার পাবো না। এই আশঙ্কা থেকেই আমরা শেখ হাসিনার পক্ষে অনাস্থা জানিয়েছি।"
সকালে ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে মামলাটির সাক্ষ্য নেওয়ার প্রস্তাব দিলে আসামি পক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
তাদের অভিযোগ, শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে তা আইনসম্মত হয়নি। এর বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আবেদন করবেন। এজন্য আদালত মুলতবি রাখার আবেদন জানান তারা।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
এরপর বিচারক এ মামলায় বাদির সাক্ষ্য নেওয়া শুরু করলে আসামিপক্ষের আইনজীবীরা আদালতের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ফৌজদারি কার্যবিধির ৫২৬ ধারায় একটি আবেদন করেন।
বিচারক আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে উচ্চ আদালতে আবেদন করতে বলেন।
এর আগে গত ১২ আগস্ট হাসিনাসহ মামলার অন্য আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। বুধবার অন্য আসামিরা উপস্থিত থাকলেও বিদেশে চিকিৎসাধীন থাকায় হাসিনার পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন।
এ মামলার অন্যতম আসামি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমান গত ৩ আগস্ট মারা যাওয়ায় এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ২০ আগস্ট মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়।
এতে অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে 'অপ্রয়োজনে' এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই হাসিনা মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এফএফ/জিএনএ/১২০১ ঘ.
bdnews24