ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ছয় মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের জামিন স্থগিতের আবেদন প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। আবেদনকারী সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জামিনের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বেলা ১১ টা ২০ এ আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি জয়নুল আবেদীন এর আদালত সরকার ও দুদকের দায়ের করা ৬ টি আবেদনের ওপর শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।
আদালত আদেশে বলেন,"হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করার আবেদন নাকচ করা হলো। সরকার ও দুদককে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হলো।"
তারেকের একজন আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাংবাদিকদের বলেন, "এর ফলে হাইকোর্টের দেওয়া ৬টি মামলায় তারেকের জামিন বহাল রয়েছে এবং তার কারামুক্তিতে আর কোন আইনী বাধা নেই।"
সকালে তারেকের জামিন স্থগিতের আবেদন শুনানি করার জন্য সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আনিসুল হক আদালতে উপস্থিত হন। অন্যদিকে তারেকের পক্ষে উপস্থিত হন ব্যারিস্টার রফিক উল হক ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।
প্রথমেই এক কোটি টাকা চাঁদাবাজির মামলায় তারেক রহমানের জামিন স্থগিতের সরকারের আবেদনের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্বাস্থ্যগত কারণে তারেককে জামিন দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এ কারণে জামিন দেওয়া যেতে পারে যদি সরকার তার চিকিৎসার ব্যবস্থা না করে। তাকে সর্বোত্তম চিকিৎসা দেওয়া হয়েছে।
তারেকের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী বলেন, স্বাস্থ্যগত কারণে সুপ্রিম কোর্টও একটি মামলায় তারেককে জামিন দিয়েছে। হাইকোর্টও স্বাস্থ্যগত কারণে তারেককে গত ২৫ আগস্ট এ মামলায় জামিন দিয়েছে। এতদিন এই জামিন স্থগিত করার কোন আবেদন না করে এখন সরকার আবেদন নিয়ে এসেছে।
আদালত এসময় তারেককে মেডিক্যাল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে জামিন দেওয়া হয়েছে তি না তা জানতে চান।
অ্যাটর্নি জেনারেল বলেন, মেডিক্যাল বোর্ড বলেছে, তারেকের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া দরকার। তাই তারেক বিদেশ যাওয়ার জন্য হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। কিন্তু তারেককে এদেশে সর্বাধুনিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাই জামিনের প্রয়োজন নেই।
মাইজুদ্দিন সিকদার মামলার দৃষ্টান্ত টেনে আদালত বলেন, " মইজুদ্দিন সিকদার মামলায় আপিল বিভাগ একটি নীতি ঠিক করে দিয়েছে কোন কোন ক্ষেত্রে আসামীদের জামিন দেওয়া যাবে। আমরা সেই নীতিমালা অনুসরণ করে একটি মামলায় তারেককে জামিন দিয়েছি। হাইকোর্টও সেই সিদ্ধান্ত অনুসরণ করে তারেককে জামিন দিয়েছে। ওই নীতিমালার আলোকে হাইকোর্ট তারেককে জামিন দিলে এখন কিছু করার নেই।"
আদালত আরও বলেন, মইজুদ্দিন সিকদার মামলার সিদ্ধান্ত অনুসরণ করে সিগমা হুদা ও মোহাম্মদ নাসিমকেও আদালত জামিন দিয়েছে। তারেককে জামিন দেওয়ার ক্ষেত্রে আপিল বিভাগের সেই সিদ্ধান্তের কোন ব্যত্যয় ঘটেছে কিনা আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি।
তারেকের অপর কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক বলেন, মইজুদ্দিন সিকদার মামলায় আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছিল। তারেককে জামিন দিয়েছিল আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ।
অ্যাটর্নি জেনারেল বলেন, তারেকের জামিন স্থগিত না করা হলে তিনি মুক্ত হয়ে বিদেশে চলে যাবেন।
আদালত বলেন, "আমরা তো তাকে বিদেশ যাওয়ার ব্যাপারে কোন অনুমতি দিইনি।"
অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে আদালত বলেন, "এটি আপনাদের ব্যাপার। জামিনের বিষয়ে মইজুদ্দিন সিকদার মামলায় আপিল বিভাগের সিদ্ধান্ত দেশের আইন। তা মানতে হবে।"
আদালত দুপক্ষের শুনানি গ্রহণ করে সরকারের আবেদন প্রত্যাখ্যান করে নিয়মিত লিভ টু আপিল দায়েরের নির্দেশ দেন।
এরপর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা ও অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় তারেকের জামিন স্থগিতের আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক। তিনি মামলা দুটিতে তারেকের জামিন স্থগিতের আবেদন জানান।
আদালত বলেন, "এই আবেদন দুুটির ক্ষেত্রে একই আদেশ দেওয়া হলো।"
এরপর আরো তিনটি চাঁদাবাজি মামলায় তারেকের জামিন স্থগিতের আবেদনের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ।
আদালত এই আবেদন তিনটির ক্ষেত্রেও বলেন, "জামিন স্থগিতের আবেদন প্রত্যাখ্যান করা হলো। সরকারকে নিয়মিত লিভ আপিল দায়ের করতে বলা হলো।"
তারেকের কৌসুলীদের শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
আদেশের পর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, "ছয়টি মামলায় তারেকের জামিন স্থগিতের জন্য সরকার ও দুদকের করা আবেদন প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। তাই এখন আর তারেকের মুক্তিতে আইনগত কোন বাধা নেই।"
তিনি আরও বলেন, "যেহেতু হাইকোর্ট স্বাস্থ্যগত কারণে তারেককে জামিন দিয়েছে তাই আপিল বিভাগ তার জামিন স্থগিত করেনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে তারেকের মুক্তি হবে বলে আশা করা যাচ্ছে।"
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা বলেন, "আপিল বিভাগ সবকিছু বিবেচনা করে তারেকের জামিন বহাল রেখেছে।" তারেকের জামিনের সমালোচনা করে কোন রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
এক কোটি টাকা চাঁদাবাজি, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় তারেকের জামিনের হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য রোববার সুপ্রিম কোর্টে আপিল করে সরকার ও দুর্নীতি দমন কমিশন।
সোমবার সকালে অন্য তিনটি চাঁদাবাজির মামলায় তারেকের জামিনের হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য আবেদন দায়ের করে সরকার।
গত ২৫ আগস্ট এক কোটি টাকা চাঁদাবাজির মামলায় তারেক রহমানকে ছয় মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি শেখ আবদুল আওয়ালের হাইকোর্ট বেঞ্চ তারেকের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছিলেন।
গত ২৬ আগস্ট জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমানকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি শরীফউদ্দিন চাকলদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ তারেকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
একই বেঞ্চ থেকে গত ২৭ আগস্ট তারেক রহমান একসঙ্গে পাঁচটি মামলায় জামিন পান। তিনটি চাঁদাবাজির মামলা, একটি আয়কর ফাঁকির মামলা ও একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছয় মাসের জামিন পান তিনি।
২৮ আগস্ট সুপ্রিম কোর্ট তারেক রহমানকে ঘুষ নিয়ে সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা মামলায় জামিন দিলে ১৩ মামলায় সবগুলিতে জামিন পাওয়ায় তার কারামুক্তির বাধা দূর হয়।
গত বছরের ৮ মার্চ গুলশানের উদয় টাওয়ারের মালিক আহম্মেদ আমিন ভূঁইয়া গুলশান থানায় তারেকের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির মামলাটি দায়ের করেছিলেন।
গত ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
গত বছর ২৬ সেপ্টেম্বর দুদকের উপ পরিচালক জহুরুল হুদা কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী যোবায়দা রহমান ও শাশুড়ী ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫শ' টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮২৭ঘ.
bdnews24