ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকৃতরা জামিনে মুক্তি পাওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা।
মঙ্গলবার গণফোরামের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ অভিমত দেন।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান বলেন, "১১ জানুয়ারির পর দুর্নীতিবাজদের গ্রেপ্তারের পর বাংলাদেশের জনগণ খুশি হয়েছিল। কিন্তু গত কয়েক দিন ধরে আমরা কী দেখছি? প্রতিদিন কোন না কোন দুর্নীতিবাজ মুক্তি পাচ্ছে। এখন জেলখানা খালি।"
তিনি বলেন, "দুর্নীতিবাজরা যদি আইনের ফাঁক গলে মুক্তি পায় তবে বাংলাদেশের মানুষ কোথায় আশ্রয় নেবে? তাদের মুক্তি দিয়ে সরকার আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।"
গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসীন মন্টু অনুরূপ মন্তব্য করে বলেন, "বাংলাদেশ আজ আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে। দুর্নীতিবাজরা হাইকোর্ট থেকে পরপর জামিনে মুক্তি পেয়ে চলেছে।"
তিনি অভিযোগ করে বলেন, "যাদের কারণে ১/১১ সৃষ্টি সেই নেত্রী ও তার ছেলে জেলে। ওই দুর্নীতিগ্রস্তদের জন্য সাধারণ মানুষকে কেন প্রাণ দিতে হবে?"
দেশ পরিচালনা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, তাদের ব্যর্থতার ফলে ১/১১ আগের অবস্থায় ফিরে যাওয়ার আলামত দেখা দিয়েছে।
কালো টাকার মালিকদের কাছে সরকার আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শহীদুল্লাহ চৌধুরী। এ কারণে জিনিসপত্রের দাম 'লাগামহীনভাবে বাড়ছে' বলে মন্তব্য করেন তিনি।
শহীদুল্লাহ চৌধুরীও বলেন, দুর্নীতিবাজদের মুক্তি দিয়ে সরকার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, "গণফোরাম খুবই ছোট দল। কিন্তু আমরা ১৫ কোটি মানুষের মধ্য দিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমরা সবাইকে নিয়ে অন্যায়মুক্ত, সা
bdnews24