২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার তারেককে পণবন্দি হিসেবে ব্যবহার করছে: হান্নান

তারেক রহমানকে সরকার পণবন্দি হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

নরসিংদী, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তারেক রহমানকে সরকার পণবন্দি হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হান্নান শাহ। তিনি বলেন, "সরকার বিএনপির প্রতি বৈরীভাব নিয়ে খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানকে কারাগারে আটকে রেখেছে। বিশেষ করে তারেক রহমানকে পণবন্দি হিসেবে ব্যবহার করে খালেদা জিয়াকে মুক্তি বিষয়ে বিভিন্ন শর্তে রাজি করানোর চেষ্টা করছে।" রোববার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার কামারপাড়া মোড়ে মনির স্মৃতি সংসদ কার্যালয়ে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় হান্নান শাহ এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, "বর্তমান সরকার নিরপেক্ষ নয়। এ সরকার নীরবে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছে।" হান্নান শাহ বলেন, "সংবিধান অনুযায়ী নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে জাতির সামনে যে প্রতিশ্র"তি দিয়েছিল তা থেকে সরকার দুরে সরে গেছে। তিন মাসের জায়গায় ২০ মাস হয়ে গেছে এখন পর্যন্ত সরকার ক্ষমতা হস্তান্তরে কোন কার্যকর ব্যবস্থা নেয়নি।" বর্তমান সরকার জনগণের আস্তাভাজন নয় মন্তব্য করে তিনি বলেন, "সরককার যত দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে ততই দেশের মঙ্গল হবে।" হান্নান শাহ দাবি করেন, "বিএনপিতে কোন অনৈক্য নেই। কিছু মত বিরোধ আছে। আমরা আশা করছি নেত্রী বেরিয়ে আসার পর তার সঙ্গে খোলামেলা আলোচনা হলেই সমস্যার সমাধান হবে।" রায়পুরার আলীনগরে একটি বিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে হান্নান শাহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সাংসদ ও বাংলাদেশ তাঁতী দলের সাবেক সভাপতি আব্দুল আলী মৃধাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/১৯৪২ ঘ.