২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো মামলা বাতিলে হাসিনার আবেদনের শুনানি শুরু

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের ওপর হাইকোর্ট শুনানি শুরু হয়েছে। বিচারপতি শেখ রেজোয়ান আলী ও মো. রইসউদ্দিনের বেঞ্চ বৃহস্পতিবার শুনানি গ্রহণ শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের ওপর হাইকোর্ট শুনানি শুরু হয়েছে। বিচারপতি শেখ রেজোয়ান আলী ও মো. রইসউদ্দিনের বেঞ্চ বৃহস্পতিবার শুনানি গ্রহণ শুরু করে। শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক শুনানিতে বলেন, দুর্নীতি দমন কমিশনের মামলার ক্ষেত্রে তিনবার অনুমোদন প্রয়োজন। মামলা দায়ের, অভিযোগপত্র দায়ের ও মামলা আমলে নেওয়ার সময় এসব অনুমোদন দরকার। কিন্তু এসব মামলার ক্ষেত্রে কমিশন আইনের নির্ধারিত বিধান অনুসরণ করেনি। শুনানিতে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। দুর্নীতি দমন কমিশন গতবছর ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে। এতে শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়। শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করা হয় গত বছরের ৯ ডিসেম্বর। বিদেশি কোম্পানি নাইকোকে বিনা দরপত্রে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র ইজারা দেয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। পরে হাসিনাসহ মোট নয় জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৭ জুলাই এ দুটি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে। সরকার পক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করলে আপিল বিভাগ গত ১৩ আগস্ট হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখে। মামলাটি বাতিলের জন্য হাসিনার করা রিট আবেদনের দ্রুত নিস্পত্তি করার জন্যও সেসময় আদেশ দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এমএইচবি/২১৫২ ঘ.