২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ দিন পর নির্বাচনের ফলাফল প্রত্যাখান রাজশাহীর মেয়র প্রার্থী বুলবুলের

নির্বাচনের ১২ দিন পর ফলাফল প্রত্যাখান করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রাথী যুবদল নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 12:50 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

রাজশাহী, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনের ১২ দিন পর ফলাফল প্রত্যাখান করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রাথী যুবদল নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি প্রশাসনের বিরুদ্ধে 'নগ্ন হস্তক্ষেপ', 'ইলেকশান ইঞ্জিনিয়ার' ও অনিয়ম করার অভিযোগ এনেছেন। প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষতা হারিয়েছেন দাবি করে তার পদত্যাগও চেয়েছেন বুলবুল। তবে এসব অভিযোগ নিয়ে তিনি নির্বাচন কমিশন বা এ সংক্রান্ত আদালতে যাবেন না বলে জানিয়েছেন। রোববার সকালে নগরীর শালবাগানে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর যুবদলের সভাপতি বুলবুল ফলাফল প্রত্যাখান ও এ সব অভিযোগ করেন। এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা সাংবাদিকদের বলেন, "প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের বিষয়ে বিএনপি নেতারা যে দাবি করেছেন আপনাদের মাধ্যমে সেটা আমি এই প্রথম শুনলাম। এরকম কোন ঘটনা তাৎক্ষণিকভাবে জানালে আমি ব্যবস্থা নিতে পারতাম।" ৪ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খায়রুজ্জামান লিটন বিজয়ী হন। নির্বাচনের পরদিন পরাজিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ফলাফল মেনে নিয়ে লিটনকে মিষ্টিমুখ করান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া মেয়র প্রার্থী ও পিডিপি নেতা অ্যাডভোকেট রায়হানুর রহমান রায়হানের বাসায় আয়োজিত চা-চক্রে বুলবুলসহ পরাজিত ছয় মেয়র প্রার্থী নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছিলেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, "অতীতের সব নির্বাচনী ফলাফল পর্যালোচনা করলে দেখা যাবে রাজশাহীতে 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' ছাড়া এ ধরনের ফলাফল অসম্ভব। এই নির্বাচনী ফলাফল আমরা মেনে নিতে পারি না।" লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, প্রশাসন 'নগ্ন হস্তক্ষেপ', 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' ও 'অনিয়ম' করে বুলবুলকে হারিয়ে দিয়েছে। ছবিসহ ভোটার তালিকার ক্রমিক নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের (আইডি) নম্বরের গড়মিলের কারণে বহু ভোটার ভোট দিতে পারেনি বলেও দাবি করা হয়। বুলবুলকে আহম্মদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশে বাধা, শিরোইল কলোনী কেন্দ্রের বাইরে 'বাঘ' মার্কায় সিল দেওয়া ব্যালট প্রাপ্তি এবং প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা গোপন বৈঠক করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে নির্বাচন পর্যবেক্ষক দলগুলোর নিরপেক্ষতা নিয়েও। নির্বাচনের এতদিন পর ফলাফল প্রত্যাখান করা ব্যাপারে জানতে চাইলে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, "উত্থাপিত অভিযোগের স্বপক্ষে তথ্য পেতে সময় লেগেছে। তথ্য পাওয়ার পরই অভিযোগ করা হচ্ছে।" সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ। তবে এ সময় বুলবুলের কোন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন না। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এখলাক হোসেন, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি নওশাদুর রহমান নওশাদ, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪০ ঘ.