ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরী দায়ের করা চাঁদাবাজির মামলা কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।
সেলিমের রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। দুই সপ্তাহের মধ্যে সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
শেখ সেলিমের পক্ষে শুনানিতে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, আইন অনুযায়ী অভিযোগপত্র দেওয়ার ৪৫ দিনের মধ্যে মামলার বিচার কাজ শেষ করতে হবে। না পারলে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ১৫ দিন সময় বাড়ানো যাবে। এভাবে বিচার শেষ করার জন্য মোট ৯০ দিন সময় পাওয়া যাবে।
তিনি বলেন, "এ মামলায় গত ১৩ জানুয়ারি অভিযোগপত্র দেওয়ার পর সাত মাস পার হয়ে গেলেও বিচার শেষ হয়নি। তাই আইনত এ মামলা আর চলতে পারে না।"
জবাবে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব এ মামলায় সর্বমোট ২৮ কার্যদিবস বিচার হয়েছে উল্লেখ করে বলেন, "বিচার পরিচালনার ক্ষেত্রে বেআইনি কিছু করা হয়নি।"
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা করেন। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
২০০৭ সালের ২৯ মে যৌথবাহিনী শেখ সেলিমকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এমএইচবি/২১১৪ ঘ.
bdnews24