ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালকে মুক্তি দিয়েছে সরকার।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল কেন্দ্রীয় কারাগার থেকে হেলালকে মুক্তি দেওয়া হয়।
এর আগে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করার পর বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকার ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ও ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালকে ছেড়ে দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে তারা মুক্তি পেতে পারে।
হেলালের মুক্তির দাবিতে বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জোরদার করে ছাত্রদল। দুপুরে সংগঠনটির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে তার দ্রুত মুক্তির জন্য উদ্যোগ নেওয়ার দাবি জানায়। রাত সাড়ে ৮টার দিকে নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। এ সময় রেজিস্ট্রার ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়।
গত বছরের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভের পরপরই গ্রেপ্তার হন হেলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/২৩০১ ঘ.
bdnews24