ঢাকা, আগস্ট, ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঘুষ নিয়ে সাব্বির হত্যা ধামাচাপা মামলা বাতিল ও জামিন চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে খারিজ আদেশের বিরুদ্ধে সরাসরি আপিল করার জন্যও আদালত তারেককে অনুমতি দিয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে এই আবেদন করতে হবে। সে পর্যন্ত নিম্ন আদালতে তারেক রহমানের বিরুদ্ধে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত থাকবে।
বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
তারেকের মেডিক্যাল রিপোর্ট দেখে আদালত তার পর্যবেক্ষণে তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছে।
আদালত পর্যবেক্ষণে বলেছে, সরকার ইতোমধ্যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা ও আব্দুল জলিলকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়েছে। তারেকের চিকিৎসকরাও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য বলেছে। তাই তার ক্ষেত্রেও মানবিক দিক বিবেচনা করে তাকে বিদেশে চিকিৎসার জন্য সরকার তাকে বিদেশে পাঠাতে পারে।
আদালত বলে, "সভ্য দেশগুলোতে আদালতের অভিমতকে আদেশ হিসেবে গণ্য করা হয়। আমাদের সরকার সেটা করবে কী না সেটা তাদের ব্যাপার।"
তারেকের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এসব তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট তারেকের জীবন রক্ষার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছে। ইতিপূর্বে শেখ হাসিনা ও আবদুল জলিলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে। তারেককেও আদালতের পরামর্শে বিদেশে পাঠাবে বলে আমি আশা করছি।"
মামলাটির বাদী দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলী আনিসুল হক আদেশের পর সাংবাদিকদের বলেন, "মামলাটি বাতিলের জন্য ও জামিন চেয়ে তারেকের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে তাকে এই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য হাইকোর্ট সনদ দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত মামলাটির কার্যক্রমও স্থগিত করে আদালত। তাছাড়া চিকিৎসার প্রয়োজনে তারেককে প্যারোলে মুক্তির জন্য সরকারের কাছে হাইকোর্ট সুপারিশ করেছে।"
বৃহস্পতিবার শুনানিকালে তারেক রহমানের কৌঁসুলীরা আদালতে তার মেডিক্যাল রিপোর্ট উপস্থাপন করেন। এর আগে রোববার আদালত তার মেডিক্যাল রিপোর্ট উপস্থাপনের সরকার ও দুদককে নির্দেশ দিয়েছিল। কিন্তু রোববার নির্ধারিত দিনে সরকার পক্ষ তা উপস্থাপনে ব্যর্থ হয়।
বুসন্ধরা গ্র"পের সাবেক পরিচালক সাব্বির আহমেদের হত্যাকাণ্ডের ঘটনা চাপা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলা বাতিল ও জামিনের আবেদন জানিয়ে তারেক রহমান গত ২৫ মে হাইকোর্ট আবেদন করেন।
গত ৬ মে সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেওয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আট জনের বিরুদ্ধে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগ পত্র দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
গত বছরের ৪ অক্টোবর রমনা থানায় লুৎফুজ্জামান বাবর, শাহ ্আলমসহ ৬ জনের বিরুদ্ধে ২১ কোটি টাকা ঘুষের এ মামলাটি দায়ের করেছিলেন দুদকের উপ সহকারি পরিচালক মোঃ আবুল কাশেম।
২০০৬ সালের ৪ জুলাই রাতে বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয়।
এই ঘটনায় গুলশান থানায় ওই বছরের ৭ জুলাই হত্যা মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৮৩১ ঘ.
bdnews24