ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে বুধবার বৈঠক করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি।
নতুন এ রাষ্ট্রদূত এর একদিন আগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গেও সাক্ষাৎ করেন।
বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের সঙ্গে বৈঠকের পর আব্দুল্লাহ বিন নাসের সাংবাদিকদের বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
তিনি বলেন, "বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতের অংশ হিসেবেই বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেছি।"
বৈঠকে অভ্যন্তরীণ রাজনৈতিক কোনও বিষয়ে আলোচনা হয়নি জানান সৌদি রাষ্ট্রদূত। তিনি বলেন "রাজনৈতিক বিষয়ে কোনও আলাপ হয়নি, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমাদের মতবিনিময় হয়েছে।"
খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের জানান, সৌদি আরবে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের অবস্থা তুলে ধরে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য তিনি সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন।
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি ও চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান এবং ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের পর সৌদি রাষ্ট্রদূত বেলা ১২টার দিকে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানের গুলশানের বাসায় যান।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সৌদি রাষ্ট্রদূত বলেন, এটাও তার সৌজন্য সাক্ষাৎ।
সৈয়দ আশরাফুল বৈঠক প্রসঙ্গে বলেন, "বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। একটা কথা প্রচলিত আছে যে সৌদি আরব শুধু বিএনপি জামায়াতকে সমর্থন করে। তারা সব দলকেই সমান চোখে দেখে।"
তিনি বলেন, সৌদি সরকার আওয়ামী লীগসহ সব দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এমএআর/এমআই/এমএইচবি/১৯১৫ ঘ.
bdnews24