২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় বরিশালের মেয়র প্রার্থী চানের বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশালের আলোচিত ফারুক হত্যা মামলায় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও বিএনপির জেলা কমিটির সদস্য এবায়েদুল হক চানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

বরিশাল, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আলোচিত ফারুক হত্যা মামলায় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও বিএনপির জেলা কমিটির সদস্য এবায়েদুল হক চানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার বরিশাল মূখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক মীর আবুল কাসেম। হাকিম মো. মাঈনউদ্দিন ইসলাম অভিযোগপত্রটি গ্রহণ করেছেন। ২০০২ সালের ২৪ জানুয়ারি বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডের বাসা থেকে তখনকার বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সরকারি বরিশাল কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান ফারুককে একদল দুর্বৃত্ত ধরে নিয়ে যায়। নগরীর বেলতলায় চরআবদানী এলাকায় নিয়ে হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ থেতলে এবং পেরেকবিদ্ধ করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ৬ ফেরুয়ারি তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ কোতয়ালী থানায় একটি মামলা করে। পরে ১৯ জনকে আসামি করে অভিযোগপত্রও দেওয়া হয়। এ অভিযোগপত্রে এবায়েদুল হক চানের নাম ছিল না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর গত বছর ২৮ সেপ্টম্বর নিহত ফারুকের ভাই হারুন অর রশিদ ম্যাজিস্ট্রেট আদালতে চানসহ ২৮ জনকে আসামি করে একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৯ ঘ.