ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ স্ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় এক জন সাবেক যুগ্মসচিব ও তিন জন ব্যাংক কর্মকর্তা সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এরা হলেন, সাবেক যুগ্ম সচিব ও বিলুপ্ত প্রাইভেটাইজেশন বোর্ডের সাবেক সদস্য সৈয়দ জগলুল পাশা, প্রাইম ব্যাংক প্রধান শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মেহমুদ হোসেন, একই ব্যাংকের বসুন্ধরা শাখার সিনিয়র অফিসার এসএম মাসুদ পারভেজ এবং নিউ ইস্কাটন শাখার ব্যবস্থাপক আফজাল হোসেন।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা মহানগর হাকিম এএম জুলফিকার হায়াত নিজ কামরায় ১৬৪ ধারায় এ চার জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।
দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটিং কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই চার জন জবানবন্দিতে মামলায় খালেদা জিয়া, তারেক রহমানসহ অপর আসামিরা কীভাবে কত টাকা জিয়া অরফানেজের নামে আত্মসাৎ করেছেন তা বর্ণনা করেছেন।
জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্টের ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের সন্তান তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে গত ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে।
অপর আসামিরা হচ্ছে- সাবেক বিএনপি সাংসদ কাজী সালিমুল হক, সৈয়দ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ, শরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমান।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৯২ সালের দিকে একটি বিদেশি সংস্থা জিয়া অরফানেজ ট্রাস্টকে অনুদান হিসেবে ৪ কোটি ৬৬ লাখ টাকা দিয়েছিল। ওই টাকা ব্যাংকে জমা রাখা হয়; যা সুদে আসলে বেড়ে ৫ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়ায়। পরবর্তী সময়ে ওই টাকা দুই ভাগে ভাগ করে ট্রাস্টের বগুড়া ও বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেন খালেদা জিয়া। ওই টাকা এতিমদের জন্য খরচ না করে অন্য খাতে ব্যবহার করা হয়েছে বলে কমিশনের অনুসন্ধানে ধরা পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এমআই/১৮৩৯ ঘ.
bdnews24