ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে 'অন্যরকম এক দুর্ভিক্ষাবস্থা' বিরাজ করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার বলেছেন, মানুষ না খেয়ে কঙ্কালসার হয়ে পড়ছে।
খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো, জরুরি অবস্থা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে বুধবার জিয়া পরিষদের প্রতীকী অনশন কর্মসূচিতে দেলোয়ার এ মন্তব্য করেন।
দ্রব্যমূল্য পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে ন্যায্যমূল্যে খাবার সরবারহের দাবি জানান তিনি।
সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, "রাজনৈতিক দলগুলোর দাবি সত্ত্বেও জরুরি অবস্থা প্রত্যাহার না করার পেছনে সরকারের 'কুচিন্তা' রয়েছে। তাদের 'সুচিন্তা' থাকলে নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে এখনই জরুরি অবস্থা প্রত্যাহার করা হতো।"
সবার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করে খোন্দকার দেলোয়ার বলেন, "দেশে যে পর্বতপ্রমাণ সমস্যা এ সরকার সৃষ্টি করেছে, নির্বাচিত সরকারই তার সমাধান দিতে পারে।"
কোনো আর্ন্তজাতিক চুক্তি করার এখতিয়ার অনির্বাচিত সরকারের নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, "প্রতিবেশি দেশের সঙ্গে ট্রানজিট কিংবা করিডোর চুক্তি করা যাবে কি না- নির্বাচিত সংসদই তা নির্ধারণ করবে।"
এর আগে ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতীকী অনশন করে জিয়া পরিষদের নেতাকর্মীরা।
সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের নেতৃত্বে অধ্যাপক সলিমুল্লাহ খান, মো. ইবরাহিম, অ্যাডভোকেট মাহফুজুর রহমান,ড. শফিকুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক মো. আলী নূর রহমান, অধ্যাপক জহুরুল ইসলাম, অ্যাডভোকেট ফরহাদ হোসেনসহ জিয়া পরিষদের সদস্যরা অনশনে অংশ নেন। দুপুরে বিএনপি মহাসচিব পানি খাইয়ে তাদের অনশন ভাঙান।
সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাবউদ্দিন, শাহ নুরুল কবীর শাহিন, সাবেক ছাত্র নেতা হাবিব উন নবী খান সোহেল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/জিএনএ/১৭৪০ ঘ.
bdnews24