২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী অভিযান অসুস্থ রাজনীতির জন্য 'চরম শিক্ষা': হাসিনা

তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান অসুস্থ রাজনীতির জন্য একটি 'চরম শিক্ষা' বলে মনে করেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেয়ে বিদেশে যাওয়া দুর্নীতির অভিযোগে বিচারাধীন আওয়ামী লীগ নেত্রী বলেছেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 07:53 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান অসুস্থ রাজনীতির জন্য একটি 'চরম শিক্ষা' বলে মনে করেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেয়ে বিদেশে যাওয়া দুর্নীতির অভিযোগে বিচারাধীন আওয়ামী লীগ নেত্রী বলেছেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত । সোমবার সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য যুবলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেছেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ওয়াহিদ জামান। স্থানীয় নির্বাচন পরে করার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা। এ বিষয়ে তিনি বলেন, "এ সরকারের উচিত সাংবিধানিক দায়িত্ব পালন করে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচিত সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।" ফিনল্যান্ড থেকে ফেরার পর এটি ছিলো লন্ডনে শেখ হাসিনার দ্বিতীয় কর্মীসভা। ছোট বোন শেখ রেহানার ছেলের বিয়ে উপলক্ষে ফিনল্যান্ড গিয়েছিলেন তিনি। এগারো মাসের কারাবাস তার চিন্তার খোরাক যুগিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "জেলে বসে চিন্তা করার সুযোগ পেয়েছি বাংলাদেশকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়।" তিনি আরো বলেন, "বাংলাদেশ কখনোই সুষ্ঠু গণতন্ত্রের ধারাবাহিকতা পায়নি। আর একটি দেশ সুষ্ঠু গণতন্ত্রের ধারাবাহিকতা না পেলে সে দেশ কখনোই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে না।" ২০২১ সালে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ প্রধান। যুক্তরাজ্য যুবলীগ সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই সভায় সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক সচিব মোকাম্মেল হক, প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, তারিফ আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। দলীয় সুত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনা আগামী ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন। সেখানেই তার চিকিৎসা হচ্ছে। "বাংলাদেশে কখনোই গণতন্ত্র ছিলো না : সুধী সমাবেশে এরশাদ সোমবারই পূর্ব লন্ডনের মালবারি স্কুলে সুধী সমাবেশ করেছে যুক্তরাজ্য জাতীয় পার্টি। এ সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরশাদ তার বক্তব্য বলেন, "বাংলাদেশে কখনোই গণতন্ত্র ছিলো না। বর্তমান সরকারই পারে বাংলাদেশে প্রথম গণতন্ত্রের সুচনা করতে।" কথিত সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতা দখল করে সাবেক জেনারেল এরশাদ দীর্ঘ নয় বছর দেশ শাসন করেন। গণতন্ত্রকামী আন্দোলন তুঙ্গে ওঠায় ১৯৯০ সালের শেষে তার স্বৈরশাসনের অবসান ঘটে। এইচ এম এরশাদ এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে কথিত গোপন বৈঠকের কথা অস্বীকার করেন। তিনি বলেন,"শেখ হাসিনার সাথে গোপন বৈঠকের কোন সত্যতা নেই।" এরশাদ বলেন তিনি ব্যক্তিগত সফরে লন্ডনে এসেছেন এবং শেখ হাসিনার সঙ্গে একই সময়ে লন্ডনে অবস্থান কাকতালীয় ব্যাপার মাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৩৪৬ঘ