নোয়াখালী, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি বলেন, "পাতানো নির্বাচনের মাধ্যমে সরকার নিজেদের লোকদের ক্ষমতায় বসাতে চাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে শৃঙ্খলিত করার মধ্য দিয়ে দেশের ক্ষতি করারও চেষ্টা করছে।"
শনিবার সকালে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ এ অভিযোগ করেন।
তিনি আগে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
মুজাহিদ বলেন, "২২ জানুয়ারির নির্বাচন বানচালের একমাত্র কারণ খালেদা জিয়া ও ইসলামী মূল্যবোধের রাজনীতিকে স্তব্ধ করে দেওয়া। সংস্কারের নামে সরকার দল ভাঙ্গার খেলায় মেতেছে। খালেদা জিয়াকে মাইনাস করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।"
তিনি বলেন, "দুর্নীতির ঠুনকো অভিযোগ এনে মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার ও হয়রানি করে সরকার ও দুর্নীতি দমন কমিশনের ভূমিকা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আর এই সরকারের আমলেই ৫ হাজার কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর প্রতিবেদনে প্রকাশ হয়েছে।"
মুজাহিদ বলেন, "অনির্বাচিত সরকার দেশকে কতোটা বেহাল করে দিতে পারে তা গত ১৮ মাসে প্রমাণিত হয়েছে।"
সরকার দেশকে করদ রাষ্ট্রে পরিণত করার জন্য তিন হাজার প্রাথমিক বিদ্যালয়কে বিদেশি মদদপুষ্ট এনজিও'র হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন।
নোয়াখালী জেলা জামায়াতের আমির একিউএম আবদুল মুনয়েম'র সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবদুর রব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭০৬ ঘ.
bdnews24