ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অর্থ পাচারের অভিযোগে ব্যবসায়ী সাঈদ হোসেন চৌধুরীকে শুক্রবার জরুরি ক্ষমতা বিধিমালায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সকালে গুলশানের বাসা থেকে গ্রেপ্তারের পর এইচ আর সি লিমিটেডের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীকে বিকেল পৌনে ৫টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের অভিযোগের ক্ষেত্রে জামিন আবেদন বিবেচনার এখতিয়ার তার নেই বলে হাকিম এ এম জুলফিকার হায়াত জামিন আবেদন নথিতে রেখে দেওয়ার আদেশ দেন।
সাঈদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় দাখিল করা জরুরি ক্ষমতা বিধিমালার ১৬ (২) ধারার সাধারণ ডায়েরিতে ওই থানার উপ পরিদর্শক মো. শহীদ উল্লাহ উল্লেখ করেন, "গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মানি লন্ডারিংয়ের সাথে অভিযুক্ত জড়িত এ মর্মে প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত বিদেশে অর্থ পাচার করছেন।"
অভিযোগে আরো বলা হয়, সাঈদ চৌধুরী নিজ অর্থ দিয়ে অন্যের নামে সম্পদ কিনে নিজে ভোগ করছেন। তিনি দ্রুত বিদেশে পালিয়ে যাবেন বলেও তথ্য পাওয়া গেছে।
অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম এবং মাসুম বিল্লাহ সাঈদ হোসেন চৌধুরীর পক্ষে কারাগারে তাকে প্রথম শ্রেণীর মর্যাদা (ডিভিশন) দেওয়ার প্রার্থনা করলে হাকিম কারা কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।
জামিন আবেদনে আইনজীবীরা সাঈদ হোসেন চৌধুরীর সি আই পি (কমার্শিয়ালি ইমপরট্যান্ট পারসন) মর্যাদার উল্লেখ করে বলেন, "তিনি জেলহাজতে আটক থাকলে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়বে।"
মানি লন্ডারিংয়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কেন মানি লন্ডারিং আইনে মামলা হয়নি-এ প্রশ্ন তোলেন আইনজীবীরা।
জামিন আবেদনের পক্ষে যুক্তি দিয়ে আইনজীবীরা বলেন, "বিচারপতি খায়রুল হক জরুরি ক্ষমতা বিধিমালায় জামিনের ব্যাপারে রুলিং দিয়েছিলেন। স
bdnews24