ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মুক্তি, সার ও বীজ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ চার দফা দাবিতে আগামী ২২ জুলাই প্রতীক অনশনের কর্মসূচি দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা খালেদা জিয়ার মুক্তির দাবি করছি। তার দুই ছেলে অসুস্থ তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে দ্রুত বিদেশে পাঠানো এবং জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কৃষক সমাজকে বাঁচাতে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমাতে হবে।"
কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেন, "তথাকথিত ১/১১ নামের একটি দিন সবকিছু তছনছ করে গত ১৬ মাসের শাসন দেশকে এক অনিশ্চয়তার মধ্যে নিক্ষেপ করেছে। প্রতিটি দ্রব্যের দাম দ্বিগুণ-তিনগুণ বেড়েছে। অথচ এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম খালেদা জিয়ার শাসনামলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল।"
তারেক রহমান ও কোকোকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে সরকারের আচরণের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, "একদিকে গুরুতর অসুস্থ তারেক ও কোকোকে বিদেশে পাঠানো হচ্ছে না। অন্যদিকে মুক্তি নিয়ে শেখ হাসিনা আমেরিকা, কানাডা, লন্ডন ও ফিনল্যান্ডে যাচ্ছেন; নাতনি দেখছেন, ভাগ্নের বিয়ে খাচ্ছেন। তার ওপর 'আমাদের আন্দোলনের ফসল বর্তমান সরকার'- শেখ হাসিনার এ বক্তব্য সরকারের সঙ্গে তাদের গোপন আতাঁতের বিষয়টিই প্রমাণ করছে।"
কৃষক দল আগামী ২১ জুলাইয়ের মধ্যে তাদের চার দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক দলের সহসভাপতি খোরশেদ আলম, মোয়াজ্জেম হোসেন, নাজিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তাকদীর মো. জসিম উদ্দিন, জামাল উদ্দিন খান মিলন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১৭ ঘ.
bdnews24