২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ প্রশাসনে বড় পরিবর্তন আনতে ইসির অনুরোধ

আসন্ন সিটি ও পৌর নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। সেই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে আগামী মাসে মাঠ প্রশাসনে ব্যাপক পরিবর্তন আসছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আসন্ন সিটি ও পৌর নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। সেই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে আগামী মাসে মাঠ প্রশাসনে ব্যাপক পরিবর্তন আসছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আশা করি, উপজেলা নির্বাচনকে সামনে রেখে আগস্টে মাঠ প্রশাসনে ব্যাপক পরিবর্তন হবে। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারকে এ বিষয়ে অনুরোধ করা হয়েছে।'' এর আগে ৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা বলেন, ''আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, অতি শিগগির প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনতে হবে।'' সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে সিইসি'র নেতৃত্বে কমিশন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় বা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকার কোনো কর্মকর্তাকে বদলি করতে হলে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন হয়। আসন্ন সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক পরিবর্তন না এলেও উপজেলা ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাপক পরিবর্তন আনার উদ্যোগ নেবে সরকার। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে অক্টোবরের প্রথমার্ধে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথা সিইসি জানিয়েছেন। ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে কমিশনকে আগস্টের শেষে তফসিল ঘোষণা করে সেপ্টেম্বরের প্রথমার্ধে ৩০০ উপজেলা কিংবা ৪৮২ উপজেলায় নির্বাচন করতে প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা উপস্থাপন করেছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ''সিটি ও পৌর নির্বাচনে ছোট্ট পরিসরে নির্বাচন হচ্ছে বলে ইসি থেকেও প্রশাসনে বড় পরিবর্তনের বিষয়ে অনুরোধ করা হয় নি।'' তিনি জানান, এ নির্বাচনকে 'টেস্ট এ্যান্ড ট্রায়াল' হিসাবেই দেখছে ইসি। এক্ষেত্রে কারা কী ধরনের প্রভাব খাটায় এবং সুক্ষ্ম কারচুপির অতীতে যেসব অভিযোগ এসেছে- সেগুলো ঘটে কিনা দেখতে চায় ইসি। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর আইন প্রয়োগে ইসি যেমন কঠোর হবে, তেমনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়েও সতর্ক থাকবেন তারা। এদিকে ৪ আগস্ট অনুষ্ঠিতব্য ১৩টি নির্বাচনী এলাকায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ প্রক্রিয়ায় সম্পন্ন করতে ইসিকে সার্বিক সহযোগিতার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। ৩ জুলাই মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার স্বাক্ষরিত পরিপত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব সম্পাদনের মাধ্যমে ইসিকে আন্তরিক সহযোগিতা প্রদানের করার নির্দেশ দিয়ে বলা হয়, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে অনীহা, অসহযোগিতা, শৈথিল্য, ভুল তথ্য প্রদান ইত্যাদির জন্য অসদাচরণের অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারিকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্টদের জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে ফলাফল ঘোষণার পর ১৫ দিন সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত ইসির অনুমতি ছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলী করা যাবে না। সিইসি ইতোমধ্যে বলেছেন, ইসির ২০১৬ জন কর্মকর্তা দিয়ে তো নির্বাচন সম্পন্ন করা যাবে না। এক্ষেত্রে সরকারের সবাইকে এ কাজে সহযোগিতা করতে হবে। প্রসঙ্গত, কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দেওয়ার বিষয়ে আইনে বলা রয়েছে, কমিশন যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে নির্বাচনী দায়িত্বপালন বা সহায়তা প্রদানের নির্দেশ দিতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএ/২০২১ ঘ.