রাজশাহী, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটনকেই প্রার্থী হিসেবে চায় গত ৯ জুলাই গঠন করা স্থানীয় নাগরিক কমিটি।
সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে লিটনকে সমর্থন দেওয়ার জন্য ১৪ দলীয় জোটের প্রতি দাবি জানিয়েছেন কমিটির নেতারা।
শুক্রবার সকালে নাগরিক কমিটির স্থানীয় নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, "মেয়র নির্বাচনকে সামনে রেখে গত ৯ জুলাই নাগরিক কমিটির এক মতবিনিময় সভায় লিটনকে সমর্থন দেওয়ার বিষয়ে সাংস্কৃতিক, পেশাজীবী, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ মত দেন।
তাদের দাবি ছিল- মেয়র পদে রাজশাহীতে লিটনকে সমর্থন দিক ১৪ দলীয় জোট। কিন্তু জোট যে সিদ্ধান্ত নিয়েছে তাতে নাগরিক কমিটির মতামতের প্রতিফলন ঘটেনি।"
সংবাদ সম্মেলনে কমিটির আহবায়ক ভাষা সৈনিক আবুল হোসেন বলেন, "রাজশাহীর স্বার্থে খায়রুজ্জামান লিটন এবং ফজলে হোসেন বাদশা এই দু'জনকেই আমাদের দরকার। আমরা আশা করি- তারা দু'জনে বসে সৃষ্ট সমস্যার সমাধান করবেন।"
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নাগরিক কমিটির সদস্য সচিব ডা. সৈয়দ সাফিকুল আলম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা জাসদের সাধারণ সম্পাদক জুলফিকার মান্নান জামি ও মহানগর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী চৌধুরী, আদিবাসী নেতা যোগেন্দ্র নাথ সরেন প্রমুখ।
১৯৭৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত চার নেতার একজন এ এইচ এম কামারুজ্জামান হেনার নামে 'শহীদ কামারুজ্জামানের রক্ত ঋণে আবদ্ধ রাজশাহীবাসী' নামে একটি সংগঠনের আয়োজিত সভায় ২৫১ সদস্য বিশিষ্ট সম্মিলিত নাগরিক কমিটি গঠন করা হয়। খায়রুজ্জামান লিটন শহীদ কামারুজ্জামানের ছেলে।
গত বৃহস্পতিবার চার সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দলের পক্ষ থেকে সমর্থনের জন্য চারজন প্রার্থী চূড়ান্ত করা হয়।
রাজশাহী সিটি করপোরেশনে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এবং সিলেট, খুলনা ও বরিশালে আওয়ামী লীগের বদরউদ্দীন আহমেদ কামরান, তালুকদার আব্দুল খালেক ও শওকত হোসেন হিরণকে সমর্থন দেবে ১৪ দল।
ওই দিনই রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মীরা বাদশাকে প্রত্যাখান করে। লিটনকে সমর্থন দেওয়ার দাবিতে তারা দলের মহানগর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং বিক্ষোভ সমাবেশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২০৫৭ ঘ.
bdnews24