ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদিকে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপক মো. শফিউল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. নিজাম উদ্দিন, যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুর রহমানসহ সাত জনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে কমিশন।
বৃহস্পতিবার নিয়মিত প্রেসব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ কথা জানান।
দুর্নীতির অভিযোগে বাবরের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করে কমিশন।
এতে অভিযোগ করা হয় বাবর কমিশনের দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীর বাইরে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে এর তথ্যও গোপন করেছেন।
হানিফ ইকবাল জানান, যাদের নামে নোটিশ পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন; বাংলাদেশ বিমানের ব্যবস্থাপক মো. শফিউল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. নিজাম উদ্দিন, যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুর রহমান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল আজম ভূইয়া, একই প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী সানাউল হক, পিয়ার মোহাম্মদ, খন্দকার গোলাম মোস্তফা, উপ বিভাগীয় প্রকৌশলী গোলাম মোহাম্মদ এবং উচ্চমান সহকারী মো. মাজাহারুল ইসলাম।
তিনি আরও জানান, ৬ ও ৯ জুলাই দুটি ফাঁদ মামলায় ঘুষ গ্রহণের সময় ৫ জনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে দুদকের বিশেষ টিম।
এর একটি মামলায় চট্টগ্রাম বন্দর থানার ফকিরহাট কাস্টমস বৈদেশিক ডাকঘর শাখার এপ্রেইজার আব্দুল মজিদ এবং এম এল এস এস আবুল কালামকে ৭ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
অন্য মামলায় বরিশাল জেলার উজিরপুর থানার সেটলমেন্ট অফিস থেকে মো. নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম এবং মো. হাসানাত হাওলাদারকে তিন হাজার টাকা ঘুষ নেওয়ার সময় আটক করা হয়। এরা সবাই ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী।
হানিফ ইকবাল বলেন, মেঘনাঘাটের টোল আদায় সংক্রান্ত দুর্নীতি-অনিয়মের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৮৫৭ ঘ.
bdnews24