২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে বিজয় টিভি মামলার কার্যক্রম স্থগিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা বিজয় টিভি দুর্নীতি মামলার কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা বিজয় টিভি দুর্নীতি মামলার কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোঃ আবদুল মতিন মেয়র মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ইতোপূর্বে গত ১৭ জানুয়ারি হাইকোর্ট মেয়র মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছিল। এই আদেশ স্থগিত করার জন্য সরকার আপিল বিভাগে আবেদন জানালে গত ১০ ফেব্র"য়ারি চেম্বার বিচারপতি মোঃ আবদুর মতিন এক সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারকে লিভ টু আপিল দায়ের করতেও নির্দেশ দেন চেম্বার বিচারপতি। এদিকে আপিল বিভাগের আদেশের পর গত ২৬ জুন এ মামলায় চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ সাক্ষ্য গ্রহণ শুরু করেন। এ কারণে মেয়র মহিউদ্দিন মামলার কার্যক্রম স্থগিত রাখার জন্য আপিল বিভাগে আবেদন জানান। চেম্বার বিচারপতি মামলার নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে দিয়ে আগামী ১৬ জুলাই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিলের ওপর শুনানির তারিখ ধার্য করেন। মেয়র মহিউদ্দিনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট হরিসাধন দেব ব্রহ্মণ। গত বছরের মে মাসে চট্টগ্রামের মেয়রের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এতে তার বিরুদ্ধে ১ কোটি ৭৮ লাখ ২ হাজার টাকা দুর্নীতির অভিযোগ আনা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০০৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় টিভির প্রচার শুরু হয়েছিল। সরকার গত বছর ১৫ মার্চ এর প্রচার বন্ধ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৪৭ঘ.