রংপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার করে দেশে নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার রংপুরে জেলা আওয়ামী লীগে বিশেষ বর্ধিত সভায় দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না এ দাবি জানান।
তিনি বলেন, "জরুরি অবস্থার মধ্যে গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না। জরুরি অবস্থা প্রত্যাহার করে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।"
মান্না বলেন, "আন্দোলনের কৌশল হিসেবে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে রাজি।
শেখ হাসিনাসহ দলের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, "বর্তমান সরকার ১৮ মাসে বুঝেছে শেখ হাসিনাকে জেলে রেখে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।"
রংপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান নুর বলেন, "গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।"
জেলা আওয়ামী লীগ আহবায়ক আবুল মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বি, শরফুদ্দিন আহমেদ ঝন্টু, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোশারফ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরি, সাবেক সাংসদ শাহ আবদুর রাজ্জাক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24