ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন ঘোষিত তারিখেই দেশের ৪ সিটি করপোরেশন ও ৯ পৌরসভার নির্বাচন মেনে নিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার সন্ধ্যায় দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যনির্বাহী সংসদের বৈঠকে সর্বসম্মতভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগ নির্বাচনে যাবে।"
এতোদিন আওয়ামী লীগ সবার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছিল। তবে দুদিন আগে জিল্লুর রহমান বলেন, 'জরুরি অবস্থা প্রত্যাহার করলে চিন্তা করে দেখা যাবে আমরা স্থানীয় নির্বাচনে যাব কিনা।'
স্থানীয় নির্বাচনের ব্যাপারে আপত্তি প্রত্যাহার করে নিলেও এই নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিটি শুক্রবারের কার্য নির্বাহী সংসদে পূনর্ব্যক্ত করেছে আওয়ামী লীগ।
সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে জিল্লুর রহমান বলেন, "এই দুই দিন একটি বিষয়ের ওপরই আলোচনা হয়েছে। নির্বাচনে যাব কি যাব না- তা নিয়েই আলোচনা করেছি আমরা।"
সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের নির্ধারিত তারিখ অর্থাৎ ৪ আগস্টের আগেই জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "আমাদের শত দাবির পরও জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়নি। এটা দুঃখজনক। আওয়ামী লীগ মনে করে, পৌর নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।"
চার আগস্টের আগে জরুরি অবস্থা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংলাপে সব কিছূ আলোচনা হবে। আশা করি, সরকার আমাদের বক্তব্যগুলো গুরুত্বের সঙ্গে নেবে। নির্বাচন করতে হলে সরকারকে রাজনৈতিক দলগুলোর মতামত আমলে আনতে হবে।"
শেখ হাসিনার মুক্তির লক্ষ্যে জনমত গঠনের আহবান জানিয়ে তিনি বলেন, "তিনি (শেখ হাসিনা) ফিরবেন। তিনি দেশে ফিরলে তাকে যেন আবার ধরে নিয়ে যেতে না পারে সে জন্য জনমত গড়ে তুলতে হবে।"
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ১৪ দলের সঙ্গে বসতে চাই। তৃণমূল পর্যায় থেকে আমরা প্রার্থীদের নাম চাইব।"
প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা গত ২০ জুন স্থানীয় নির্বাচনের সময়সূচি বা তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী আগামী ৪ আগস্ট দেশের চারটি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান তা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, "নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে আমরা ষড়যন্ত্র বলে মনে করি। এই তফসিল ঘোষণা ঠিক হয়নি। সরকার এটা করে জনমতের বিরুদ্ধে কাজ করেছে।"
এর দুই দিন পর দল থেকে জানানো হয়, স্থানীয় নির্বাচনের বিষয়ে ২৪ জুন দলের সভাপতিমণ্ডলী এবং ২৬ জুন কার্যনির্বাহীর সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী বৈঠকে বসলে তাতে মোহাম্মদ নাসিমের অসুস্থতা নিয়েই আলোচনা হয়। নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা ছাড়াই সেদিনের বৈঠক শেষ হয়।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার এক আলোচনাসভায় জিল্লুর রহমান বলেন, "জরুরি অবস্থার মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। জরুরি অবস্থা প্রত্যাহার করলে চিন্তা করে দেখা যাবে আমরা স্থানীয় নির্বাচনে যাব কিনা।"
বৃহস্পতিবার সকাল ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। কিন্তু কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই দুপুর সোয়া ২টায় সভা মুলতবি করা হয়।
শুক্রবার মুলতবি সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী জিল্লুর রহমান স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের সম্মতির ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২১১৪ ঘ.
bdnews24