২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ মামলায় হাসিনার অব্যাহতির আবেদনের পরবর্তী শুনানি ৩ জুলাই

মিগ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার শুরু হয়েছে। এদিন শুনানি শেষে আদালত আগামী ৩ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার শুরু হয়েছে। এদিন শুনানি শেষে আদালত আগামী ৩ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করেছে। বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার শুনানি শুরু হয়। সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে আসামি পক্ষের আইনজীবীরা শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে বলেন, মিগ ২৯ যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল ১৯৯২ সাল থেকে। এর আগের বছর ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশ বিমান বাহিনীর অনেকগুলো এয়ারক্রাফ্ট ধ্বংস হয়ে যায়। এরপর বিমানবাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনী বিভাগ যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেয়। ওই সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তারাই বিভিন্ন বিশেষজ্ঞ পাঠিয়ে রাশিয়া, চীনসহ অন্যান্য দেশ থেকে যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করে। শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আদালতকে বলেন, "পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আটটি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনার জন্য দরপত্র আহ্বান করে। সেখানে ১৬টি কোম্পানি অংশ নিয়েছিল। মিগ কেনার পর এর ৩০ শতাংশ মূল্য পরিশোধ করে আওয়ামী লীগ সরকার। বাকি ৭০ শতাংশ মূল্য শোধ করে বিএনপি সরকার। সুতরাং অপরাধ করলে বিএনপি সরকারও করেছে।" মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ব্যারিস্টার শফিক বলেন, "এতে কোনও দুর্নীতি হয়নি। দেশের অর্থ ক্ষতিও হয়নি।" তিনি এ মামলায় উচ্চ আদালতের একটি রিটের রায়ের কথাও আদালতকে জানান। চিকিৎসার জন্য শেখ হাসিনা বিদেশ যাওয়ায় বৃহস্পতিবার তার পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন। সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমানসহ মামলার অন্য ছয় আসামি এদিন আদালতে উপস্থিত ছিলেন। বিলুপ্ত দুর্নীতি ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। ২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই শেখ হাসিনা এ মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে দেয়। মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের মালিক ব্যবসায়ী নূর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এমআই/১২৪৩ ঘ.