ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী স্থানীয় নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন।
নির্বাচন কমিশন শুক্রবার বিকালে চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেন স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ করার আহ্বান জানিয়ে ইতোমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করলে উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন ও সরকার দায়ী থাকবে।
আওয়ামী লীগ সবার আগে সংসদ নির্বাচন চাইলেও স্থানীয় নির্বাচনের বিষয়ে বৃহস্পতিবার জানিয়েছে, তফসিল ঘোষণার পর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাজেদা চৌধুরী শুক্রবার ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বলেন, "আমরা সবার আগে জাতীয় নির্বাচন চাই। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন কেন অনুষ্ঠিত হবে না?"
তিনি বলেন, "আওয়ামী লীগের বিরুদ্ধে সব সময়ই ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগ কখনও কারও অধীনে যায়নি। আওয়ামী লীগকে কখনও দমন করা যাবে না।"
সাজেদা চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, "যারা বলেন, ওয়ান ইলেভেনের আগে ফিরে যাওয়া যাবে না; তারা হয় জ্ঞানপাপী, না হয় অশিক্ষিত।"
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন সাজেদা চৌধুরী। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান খান, সাহারা খাতুন, ঢাকা মহানগর নেতা কামরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫২৯ ঘ.
bdnews24