ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও তার দুই ছেলেকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপির ১৩৯ জন সাবেক সাংসদ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাদের পক্ষে দলের সহ সভাপতি অধ্যাপিকা সারোয়ারী রহমান এ দাবি জানান।
মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে সারোয়ারী রহমান বলেন, "নেত্রীর অংশগ্রহণ ছাড়া বিএনপি নির্বাচনেও অংশ নেবে না।"
সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তারা মেনে নেবেন না বলেও জানান বিএনপির এ নেত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান।
এতে অসুস্থ তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, "যে প্রক্রিয়ায় শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হয়েছে, সেভাবেই তাদেরকেও মুক্তি দেওয়া হবে, এটাই প্রত্যাশা ছিল। কিন্তু সরকার তা করেনি। সরকারের এ দু'চোখা নীতির আমরা নিন্দা জানাই।"
বিএনপির এ সাবেক সাংসদরা দাবি করেছেন, দেশি-বিদেশি 'কুচক্রি মহলের' ষড়যন্ত্রের শিকার হয়েই খালেদা ও তার দুই ছেলে নির্যাতিত ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত।
সরকারের গাফিলতি, উদাসীনতা ও 'ভিন্নরকম' কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপের কারণে খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর কোনো ক্ষতি হলে তার দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে লিখিত বক্তব্যে সতর্ক করে দেন সাংসদরা।
বিবৃতিতে ১৩৯ জন দলীয় সাংসদের নাম উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে এদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৪ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৬৫৪ঘ.
bdnews24