ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপির চেয়ারপারসন মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এ দাবির মাধ্যমে কারো অনুগ্রহ চাওয়া হচ্ছে না, এ দাবি ন্যায়সঙ্গত।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বলেছেন, তারা রাজনৈতিক কারণে খালেদা জিয়ার মুক্তি চাইছেন, চিকিৎসার জন্য নয়।
রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তারা এ কথা বলেন।
খোন্দকার দেলোয়ার বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো ভিত্তিহীন ও মিথ্যা। তাই তার মুক্তি দাবি করে কারো অনুগ্রহ চাওয়া হচ্ছে না। আমরা ন্যায় সঙ্গতভাবেই তার মুক্তি চাই।"
একইসঙ্গে খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "আর দেরি না করে তাদের বিদেশে পাঠান। তাদের কিছু হলে সরকারকেই দায় নিতে হবে।''
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, "জরুরি অবস্থা জারির পর থেকে এ পর্যন্ত সারাদেশে ৪ লাখ লোককে গ্রেপ্তার করা হয়েছে। হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। সরকার দেশে এক রকম শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করেছে।"
জরুরি বিধিমালার মাধ্যমে আদালতের ক্ষমতা খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের উদ্দেশে দেলোয়ার বলেন, "পাতানো নির্বাচন করার মতলব থাকলে তা বাদ দিন। রাজনীতিবিদদের হয়রানি বন্ধ করুন। দেশকে আর পেছনের দিকে ঠেলে দেবেন না। নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিন।''
বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, "আমরা খালেদা জিয়ার মুক্তি চাই রাজনৈতিক কারণে, চিকিৎসার জন্য নয়। সংলাপ ও নির্বাচন অর্থবহ করতে হলে তাকে মুক্তি দিতে হবে।"
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাবউদ্দিন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, জিয়া পরিষদের কবির মুরাদ, যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, সাবেক ছাত্রনেতা খোন্দকার বাবুল চৌধুরী, হাবিবউন নবী খান সোহেল, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০৫৫ ঘ.
bdnews24