২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির একটি মামলায় হাসিনাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ১৯ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। ওইদিন মামলাটির বিচারকাজ শুরুর দিনও ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ১৯ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। ওইদিন মামলাটির বিচারকাজ শুরুর দিনও ধার্য করা হয়েছে। তবে আওয়ামী লীগ সভানেত্রীর আইনজীবীরা বলেছেন, ব্যক্তিগত হাজিরা থেকে তার অব্যহতি পাওয়ার জন্য আবেদন জানানো হবে। সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক মো. আশরাফ হোসেন রোববার হাসিনার বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। বিদেশে চিকিৎসার জন্য শেখ হাসিনাকে গত ১১ জুন দু'মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। এরপরদিন তিনি যুক্তরাষ্ট্রে যান। শেখ হাসিনার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলাটির বিচারকাজ শুরু হবে বলে শুনেছি। শেখ হাসিনাকে এই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি দেওয়ার জন্য আমরা আবেদন জানাব।" এর আগে দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত- ৫ এ পাঠিয়ে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদুল ইসলাম সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার মহানগর দায়রা জজের কাছে মামলাটির কার্যক্রম আবার শুরু করার আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারক মামলার নথি বিশেষ আদালতে পাঠিয়েছেন। এ আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করে গত ৫ ফেব্র"য়ারি শেখ হাসিনা আদালত বদলের আবেদন করেন। মামলায় বাদি আজম চৌধুরীর জবানবন্দি বাতিলেরও আবেদন করেন হাসিনা। তবে তা নাকচ করা হয়। হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলাটি বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল গত ৮ মে মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের আদেশের সত্যায়িত কপি বিচারিক আদালতে না পৌঁছানোয় এতদিন মামলার কার্যক্রম বন্ধ ছিল। প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আজম জে চৌধুরী। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন। গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ এবং তা বাতিল ঘোষণা করে। পরে আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/২১০০ ঘ.