ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানির সময় আসামি পক্ষের এক আইনজীবীর মন্তব্যে বিচারক ক্ষুব্ধ হওয়ায় আদালতের কাজ বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। পরে হাসিনার অনুরোধে তার আইনজীবী বিচারকের কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ক্ষুব্ধ বিচারক হাসিনার আইনজীবীকে বলেন, "প্রয়োজনে আপনাকে জেল-হাজতে পাঠানো হবে। কিন্তু আদালতের ভাবমূর্তি ভূ-লুণ্ঠিত হতে দেব না।"
এদিকে, মামলাটিতে মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক আবদুল হালিমের জেরা শেষ হয়েছে। আগামী ৮ জুন সাক্ষ্য নেওয়া জন্য দিন ধার্য করেন বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলম।
বেলা ১২ টার দিকে আসামিপক্ষের আইনজীবী সাজোয়ার হোসেন সাক্ষীকে জেরা করছিলেন। তিনি বিচারকে মামলার আলমত সম্পর্কিত বিষয় লিপিবদ্ধ করতে বলেন।
এ সময় বিচারক বলেন, "এগুলো ইতিমধ্যেই রেকর্ডে নেওয়া হয়েছে। নতুন করে আর লিপিবদ্ধ করার প্রয়োজন নেই।"
জবাবে সাজোয়ার হোসেন বলেন, "এটা লিখতে হবে। ইতিহাস হিসেবে তা থাকতে হবে।"
বিচারক বলেন, "আপনি সাক্ষীকে জেরা করুন। জেরার বিষয়গুলো লেখা হবে।"
এরপর আবারো সাজোয়ার হোসেন বিচারকে বিষয়টি লেখার জন্য দাবি জানালে বিচারক ক্ষুব্ধ হয়ে বলেন, "আপনি কেনো আদালতকে নির্দেশ দেন? আমি আপনাকে প্রয়োজনে জেল-হাজতে পাঠাব। তবু আদালতের ভাবমূর্তি ভূ-লুণ্ঠিত হতে দেব না।"
এ কথা বলেই তিনি পেশকারকে এ সংক্রান্ত আইনের বই আনার নির্দেশ দেন।
ফিরোজ আলম আরো বলেন, "দরকার হলে আমি বিব্রতবোধ করে এ মামলা চালাব না। উচ্চ আদালতের কাছে লিখব কেন আমি বিব্রতবোধ করেছি। আমি কোনোভাবেই আদালতের সম্মান নষ্ট হতে দেব না।"
এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ওই আইনজীবীকে ক্ষমা চাইতে বলেন। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনাও কয়েকবার সাজোয়ার হোসেনকে বিচারকের কাছে ক্ষমা চাইতে বলেন।
আসামি ও রাষ্ট্রপক্ষের অন্য আইনজীবীরা আদালতের কাছে ক্ষমা চান। পরে সাজোয়ার হোসেনও ক্ষমা চেয়ে নেন।
পরে তিনি অবশ্য সাংবাদিকদের বলেন, "আমার ৩৯ বছরের আইন পেশায় এই প্রথম বিচারকের কাছে এমন আচরণের শিকার হলাম। জানি না বিচারক বারবার কেনো আমাকে নাজুক পরিস্থিতিতে ফেলছেন। আমি সাক্ষীকে জেরা করছিলাম অথচ বিচারক তা লিপিবদ্ধ করেননি।"
সাক্ষ্যগ্রহণ উপলক্ষে মামলার আসামি শেখ হাসিনা ও সাবেক জ্বালানি ও বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরীকে আদালতে হাজির করা হয়।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করে।
মামলার অন্য আসামিরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
মামলার অভিযোগপত্রে সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়।
গত ১৮ মে এ মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২১ মে থেকে।
উইপোকা নিয়ে আলোচনা:
সকালে বিচারক আদালতে আসার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপক্ষের আইনজীবী এবিএম শরফুদ্দিন খান মুকুল একটি পত্রিকা দেখিয়ে বলেন, "এখানে ছাপা হয়েছে- মামলার গুরুত্বপূর্ণ আলামতের ৮০ ভাগ উঁইপোকা খেয়েছে। সাংবাদিকদের সত্য প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, যা ইচ্ছে হলো তাই লিখে দিলাম। এ বিষয়টি আপনি দেখবেন।"
এর জবাবে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, "সাংবাদিকরা তাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করছেন। উঁইপোকায় আলামত কতটুকু খেল- সেটা মূখ্য নয়। আসল বিষয় হলো রাষ্ট্রপক্ষ যখন বার বার বলে এটা দালিলিক তথ্য-প্রমাণের মামলা তখন এর নথিপত্রের এমন অবস্থা কেনো? যার দায়িত্বে এটা রক্ষিত ছিলো তার দায়িত্বহীনতাকে আড়াল করতেই সাংবাদিকদের ওপর দোষ দেওয়া হচ্ছে।"
এ সময় বিচারক বলেন, "এটি আমার দেখার বিষয় না হলেও বলছি, আমাদের সবারই মামলা সংক্রান্ত বিষয়ে আরো দায়িত্বশীল হওয়া উচিৎ। তথ্য প্রকাশের অধিকার মানে এই নয় যে, একটি বিষয়কে বিকৃত করে ছাপাতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/২০২৭ ঘ.
bdnews24