ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২৭ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ প্রকাশিত 'সাকার বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসে কেঁদে ফেলেন ছোট ভাই' শিরোনামের সংবাদের কিছু অংশের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী।
বৃহস্পতিবার পাঠানো এক ব্যাখ্যায় তিনি বলেছেন, আদালতে আমি বলেছিলাম, "মাননীয় আদালত আমি জানতাম না আমাকে প্রসিকিউশন উইটনেস করা হয়েছে। আজ আমার জীবনের সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি যে, আমাদের আদালতে ভাই এর মুখোমুখি হতে হল।"
প্রতিবাদলিপিতে তিনি বলেন, "কিন্তু আমার বক্তব্যকে বিকৃত করে বলা হয়েছে, 'শুধু এটুকু চিন্তা করুন, কতটা বাধ্য হলে নিজের রক্তের বিরুদ্ধে আদালতে এসে দাঁড়াতে হয়।... এই বিব্রতকর অবস্থার জন্য আমার ভাই-ই দায়ী' -যা আমার বক্তব্য নয়।"
সাইফুদ্দিন কাদের বলেন, "মাত্র ২/৩ দিন আগে আদালতের সমন না পাওয়ার পূর্বে মুহুর্ত পর্যন্ত আমি জানতাম না উক্ত মামলায় আমাকে প্রসিকিউশন উইটনেস করা হয়েছে।"
বড় ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নয়, বরং সাকা চৌধুরীকে দেওয়া ভাতার ব্যাপরে প্রদত্ত বিবৃতির সত্যায়নের জন্যই তিনি আদালতে গিয়েছিলেন বলেও দাবি করেছেন সাইফুদ্দিন কাদের চৌধুরী।
প্রতিবেদকের বক্তব্য:
ওইদিন আদালতে সাক্ষ্য দেওয়ার এক পর্যায়ে সাইফুদ্দিন চৌধুরী আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন। তারা দুই ভাই-ই পারিবারিক বিষয় নিয়ে মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে বিচারক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী দুজনকেই পারিবারিক বিষয় আদালতে টেনে না আনার জন্য পরামর্শ দেন। তারা কে কী বলেছেন তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ছাড়াও আরও একটি জাতীয় পত্রিকার প্রতিবেদকসহ অন্যরা শুনেছেন এবং অনুরূপ খবর অন্যত্রও ছাপা হয়েছে ।
'রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে হবে তা ২/৩ দিন আগে জেনেছি' এ বক্তব্য প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম হাফিজ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইফুদ্দিন কাদের চৌধুরীকে অনেক আগেই রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়েছে। বেশ কয়েক মাস আগে তিনি এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে লিখিত বিবৃতিও দেন। আর তিনি ওই দিন আদালতে যা যা বলেছেন তা বিচারক লিপিবদ্ধও করেছেন।"
সুতরাং সাইফুদ্দিন চৌধুরীর আদালতে দেওয়া বক্তব্যকে বিকৃত করার প্রশ্নই আসে না। তাছাড়া সাংবাদিকতার নীতিমালা মেনে এবং তাদের সামাজিক অবস্থান বিবেচনা করে ওই দিন আদালতে দেওয়া সাইফুদ্দিন কাদেরের আরও বক্তব্য এই প্রতিবেদক প্রকাশ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১২২ঘ.
bdnews24