ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখনো ঐক্য না হওয়ায় বিএনপির দুই অংশ পৃথক কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালন করবে।
জিয়াউর রহমান ১৯৮১ সালের এ দিনে সেনাবাহিনীর একাংশের 'ব্যর্থ অভ্যুত্থান' প্রচেষ্টায় চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হয়েছিলেন।
বিএনপির খোন্দকার দেলোয়ারের সমর্থক অংশ সকাল ১০টায় ও সংস্কারপন্থী অংশ বিকাল সাড়ে তিনটায় শেরে বাংলা নগরে প্রয়াত নেতার কবরে পুস্পস্তবক অর্পণ করবে।
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ বাণী দিয়েছেন। সাবেক বিএনপি সরকার মনোনীত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ বাণীতে জিয়াকে বাংলাদেশের 'স্বাধীনতার পথিকৃৎ' হিসেবে অভিহিত করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এবং জিয়ার কবর প্রাঙ্গণে কোরআনখানি-মিলাদ মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচিও আছে। এছাড়া কারাবন্দি নেত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন সংসদ ভবনের বিশেষ কারাগারের সামনে অবস্থান নেবে।
খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অংশ বিকাল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে। সংস্কারপন্থীদের আলোচনা সভা হবে পরদিন ।
স্থায়ী কমিটি মনোনীত মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে আলাপকালে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জিয়াউর রহমানের 'সাহাদাৎ বার্ষিকী' পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
এক প্রশ্নের জবাবে হাফিজ বলেন, '' জাতীয়তাবাদী শক্তির প্রতীক খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। ''
খোন্দকার দেলোয়ারপন্থী অংশের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জরুরি অবস্থার কারণে তারা সীমিত আকারে কর্মসূচি পালন করছেন।
ঢাকার বাইরেও জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি গ্রহণ ও পালনের জন্য নির্দেশ পাঠানো হয়েছে।
১৯৭১ সালের ২৭ মার্চ মুক্তিযুদ্ধের উষালগ্নে তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে জাতিকে অনুপ্রাণিত করেন। তবে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়া পরবর্তীকালে সেনাশাসন ও মুক্তিযুদ্ধবিরোধীদের পুনর্বাসিত করার দায়ে অভিযুক্ত হয়েছেন যা তার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্যের হাতে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পরপরই সেনাপ্রধানের দায়িত্ব নেন জিয়া। ওই বছরের ৭ নভেম্বর 'সিপাহি জনতার বিপ্লবের' পর রাষ্ট্রপতি বিচারপতি এ এন এম সায়েমের নেতৃত্বে উপ প্রধান সামরিক আইন প্রশাসক এবং '৭৭ সালে ২১ এপ্রিল সামরিক আইন প্রশাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন জিয়া। ১৯৭৮ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৩৩ঘ.
bdnews24