২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত: তোফায়েল

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দুর্নীতি দমন কমিশন মামলা করায় তিনি বিস্মিত হননি। যে কোনো পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত। বৃহস্পতিবার বিকেলে বনানীতে নিজের বাসায় এক প্রেস ব্রিফিংয়ে তোফায়েল আহমেদ বলেন, "আমি আইনী লড়াই চালিয়ে যাব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দুর্নীতি দমন কমিশন মামলা করায় তিনি বিস্মিত হননি। যে কোনো পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত। বৃহস্পতিবার বিকেলে বনানীতে নিজের বাসায় এক প্রেস ব্রিফিংয়ে তোফায়েল আহমেদ বলেন, "আমি আইনী লড়াই চালিয়ে যাব।" কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বৃহস্পতিবার সকালে রমনা থানায় তোফায়েলের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এতে তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। মামলায় তোফায়েলের স্ত্রী আনোয়ারা আহমেদ ও মেয়ে ডা. তাহলিমা আহমেদ জামানকেও আসামি করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে তোফায়েল আহমেদ বলেন, "রাজনীতিবিদদের হেয় করার একটি প্রক্রিয়া চলছে; এটা বন্ধ হওয়া উচিৎ। এ ধরনের কাজ থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিরত থাকা উচিৎ।" তিনি বলেন, "বাংলাদেশে দুটি আদালত আছে। একটি সরকারের, অন্যটি জনগণের। জনগণ যেদিন আমার ওপর আস্থা হারাবে, যেদিন তারা বিশ্বাস করবে আমি দুর্নীতিবাজ, সেদিনই আমি রাজনীতি ছেড়ে দেব।" মামলায় স্ত্রী ও মেয়েকে যুক্ত করা প্রসঙ্গে তোফায়েল বলেন, "রাজনীতিবিদরা অপরাধ করতে পারেন। তাদের স্ত্রী -সন্তানদের কী দোষ? এটা মানবিক নয়।" তিনি বলেন, "আমরা যখন একটি সফল বর্ধিত সভা করলাম; যখন তৃণমূল নেতারা বললেন- শেখ হাসিনা ছাড়া সংলাপ বা নির্বাচন নয়; যখন তাদের এ প্রস্তাব কায নির্বাহী সভায় পাশ করা হলো; ঠিক তার পরই আমার বিরুদ্ধে এ মামলা হলো।" সরকারের পক্ষ থেকে কোনো চাপ আছে কি না- এ প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, "সব কথার উত্তর দেওয়া যায় না; নীতির প্রশ্নে আপোস করতে না চাইলে এসব বিপদ আসবেই। বঙ্গবন্ধুর বিরুদ্ধেও দুর্নীতি মামলা হয়েছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/জেকে/এসকে/১৯১৫ঘ.