২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-নিজামীর মুক্তি চেয়ে যুবদলের কর্মসূচি

খালেদা জিয়া, মতিউর রহমান নিজামীসহ আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দাবিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক নেতাদের মুক্তিসহ ১২ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 07:05 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া, মতিউর রহমান নিজামীসহ আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দাবিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক নেতাদের মুক্তিসহ ১২ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে। আগামী ১ জুন সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে। খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মধ্যে যুবদলই প্রথম কর্মসূচি দিল। সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান এবং যুবদল সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তিও দাবি করা হয়। যুবদলের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, জরুরি অবস্থা এবং এর আওতায় আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার, সবার আগে সংসদ নির্বাচন করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া, বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ ইত্যাদি। সংবাদ সম্মেলনে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা প্রত্যাহার করে সংলাপে খালেদা জিয়ার উপস্থিতি নিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিঞা মোহাম্মদ সেলিম বলেন, "দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচি চায়। নেত্রীকে মুক্ত করতে হলে আন্দোলন ও কর্মসূচির বিকল্প নেই। দাবি আদায়ের লক্ষ্যে আমরা নিজস্ব কর্মসূচি দিচ্ছি। পাশাপাশি মূল দল বিএনপি কর্মসূচি দিলে আমরা তাতেও অংশ নেব।" সাংগঠনিক সম্পাদক খায়রুল কবীর খোকন বলেন, "সরকারকে দেড় বছর সময় দেওয়া হয়েছে, তার সময় নয়। আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে কারাগার থেকে মুক্ত করে আনার প্রস্তুতি নিতে হবে।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আবুল হোসেন খান, মহিবুল আলম স্বপন,যুবদলের কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী, মোরতাজুল করিম বাদরু,রিয়াজউদ্দিন নসু, আবদুল আউয়াল খান, মাহবুবুল হক নান্নু, শহীদুল্লাহ তালুকদার,এস এম নুরুজ্জামান, এ এফ এম ইকবাল,রুহুল আমিন আকিল, মো. জাহাঙ্গীর শামসুজ্জামান মেহেদী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫৫ ঘ.