বরগুনা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বামনা-পাথরঘাটা আসনের সাবেক সাংসদ গোলাম সরোয়ার হিরুর বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হিরুর স্ত্রী নূর আফরোজ হ্যাপী ও ছেলে রানা ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়েছে। এরা হলেন- মোফাজ্জল হোসেন, জাকির হোসেন, বাবুল মিয়া।
রোববার পাথরঘাটার বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন কালমেঘা ইউনিয়নের কবির হোসেন। হাকিম মো. আয়েজ উদ্দিন মামলাটি আমলে নিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২২ মে হিরুর নেতৃত্বে অপর আসামিরা বাদীর ভাই সগির হোসেন চৌকিদারকে অপহরণ করে পাথরঘাটা পৌর শহরের বড়ইতলায় হিরুর বাসায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয়। এক পর্যায়ে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।
এ ব্যাপারে গোলাম সরোয়ার হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য আসা টাকা তোলার উদ্দেশ্যে সগির চৌকিদার বাবার নাম পরিবর্তন করে দুইবার টাকা ওঠান। এ কারণে তাকে ডেকে কান ধরে ওঠবস করানো হয়েছে। মারধর করা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১০ ঘ.
bdnews24