২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ মাসের জন্য ট্রুথ কমিশনের বিধান রেখে অধ্যাদেশ অনুমোদন

দুর্নীতির বিচার ও অপরাধ প্রমাণের 'ভার লাঘবের' জন্য 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে রোববার 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' এ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কমিশনের মেয়াদ হবে পাঁচ মাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির বিচার ও অপরাধ প্রমাণের 'ভার লাঘবের' জন্য 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে রোববার 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' এ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কমিশনের মেয়াদ হবে পাঁচ মাস। দুর্নীতির দায়ে কমপক্ষে দুই বছর সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ এ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ নিতে পারবেন। তবে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা, অনধিক ৬ মাসের কারাদণ্ড বা উভয়দণ্ডের আদেশ দিতে পারবে কমিশন। অস্ত্র, মাদক, নারী ও শিশু পাচার এবং ধর্ষণ মামলার আসামিরা কমিশনের অনুকম্পা পাবে না। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে এ অধ্যাদেশ কার্যকর করা হবে। তিনি বলেন, "দেশ থেকে দুর্নীতি নির্মূল, অর্থনৈতিক ও শিল্প উন্নয়ন অব্যাহত রাখা, দুর্নীতির বিচার ও অপরাধ প্রমাণের ভার লাঘব করার উদ্দেশ্যে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এ অধ্যাদেশের ৪৬টি ধারা রয়েছে। এ অধ্যাদেশের অধীনে তিন সদস্যের 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠন করা হবে। সদস্যদের মধ্য থেকে একজনকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক, মেজর জেনারেল বা তার ওপরের পদ মর্যাদার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সচিব বা সম পদ মর্যাদার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা কমিশনের সদস্য হতে পারবেন। কমিশনের প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। মেয়াদ হবে ৫ মাস। তবে মেয়াদকালীন গ্রহণ করা কাজ শেষ করতে প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার পরও কাজ চালাতে পারবে কমিশন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কমিশন অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে থাকবে। দুর্নীতির দায়ে কমপক্ষে দুই বছর সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ এ কমিশনের কাছে সত্য প্রকাশ করতে পারবে। কেউ সত্য প্রকাশ করলে কমিশন তার বক্তব্যের বিষয়ে তদন্ত চালাবে। বক্ত্যব্য সত্য প্রমাণিত হলে দুর্নীতি বা এ ধরনের কাজের মাধ্যমে ওই ব্যক্তি যে পরিমাণ অবৈধ অর্থ বা সম্পত্তির মালিক হয়েছেন, তার সম পরিমাণ অর্থ কমিশনের মাধ্যমে রাষ্ট্রের কাছে ফেরত দেয়ার সুযোগ পাবেন তিনি। এ ব্যাপারে কমিশন সময় বেঁধে দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ বা সম্পদ ফেরত দিতে না পারলে কমিশন তাকে ৫ বছরের কারাদণ্ড দেবে। ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা, অনধিক ৬ মাসের কারাদণ্ড বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। কমিশন ক্ষেত্র বিশেষে প্রকাশ্য শুনানি করতে পারবে। অস্ত্র, মাদক, নারী ও শিশু পাচার এবং ধর্ষণ মামলার আসামীরা কমিশনের অনুকম্পা পাবে না। তবে এ ধরনের অপরাধীরাও কমিশনের কাছে সত্য প্রকাশ করতে পারবে। যারা কমিশনের কাছে নিজেদের অপরাধ ও দুর্নীতি তথ্য প্রকাশ করবে, তাদের একটি তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। এর আগে গত ৬ এপ্রিল উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হয়। ওই সময় উপদেষ্টা পরিষদ তা অনুমোদন না করে পর্যালোচনার জন্য ফেরত পাঠায়। এরপর আইন মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে অধ্যাদেশের আরেকটি খসড়া চূড়ান্ত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমআরএফ/জেকে/এমএইচবি/২১০১ ঘ.