ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ দেড় বছর পরে বৈঠকে বসে খালেদা-নিজামির মুক্তি দাবি করলেও সংলাপে যাওয়া নিয়ে কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি চার দলীয় জোটের মহাসচিবরা। বৃহস্পতিবার ওই বৈঠকের পর খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, খালেদা জিয়ার সবুজ সংকেত পেলেই সরকারের সঙ্গে সংলাপে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। ইসলামী ঐক্যজোটের (আমিনী) সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নিলেও জামায়াত নেতারা বলছেন, বিএনপির সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান তারা। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি জোটের আরেক শরিক বাংলাদেশ জাতীয় পার্টিও (বিজেপি)।
চারদলীয় জোট নেতারা বৃহস্পতিবার সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসায় এক বৈঠকে বসেন। সেখানে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকের পর খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংলাপে যাওয়া না যাওয়ার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের নেত্রী কারাগারে। তার সঙ্গে সাক্ষাতের জন্য আমি একাধিকবার কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেও জবাব পাইনি। আমি আগেও বলেছি, এখনো বলছি, সংলাপ অর্থবহ করতে হলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতি নিশ্চিত করতে হবে। তা না হলে সংলাপ থেকে কোনো অর্থবহ ফলাফল আসবে না।"
ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, "আমরা সংলাপে যাব। প্রতিনিধিদের নামের তালিকাও পাঠানো হয়েছে। আমাদের জোটের নেতৃত্ব দেবেন মুফতি ফজলুল হক আমিনী।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাক সংলাপেও আমরা দুই নেত্রীসহ সব রাজনৈতিক নেতার মুক্তির চেয়েছি। সংলাপেও আমরা এ দাবি তুলে ধরব।
চার দলের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী সংলাপে যাওয়ার বিষয়ে বিলম্বে সিদ্ধান্ত নেওয়ার কৌশল নিয়েছে। দুই দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়া ও মতিউর রহমান নিজামী কারাগারে থাকায় সরকারের ওপর চাপ সৃষ্টি ও জনমত গঠনের কৌশল হিসেবে এখনই তারা সংলাপে যাওয়া- না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাতে চান না।
কয়েকজন জামায়াত নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তারা।
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সংলাপে যাওয়ার বিষয়ে জোট নেতাদের সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত নেবেন।
সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বৃহস্পতিবার পর্যন্ত ১৭টি রাজনৈতিক দল অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এরা হচ্ছে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা, জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, সাম্যবাদী দল, ইসলামী শাসনসতন্ত্র আন্দোলন, বাসদ (খালেকুজ্জামান), ইউনিটি ফর পলিটিক্যাল রিফর্মস-ইউপিআর, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), গণতন্ত্রী পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট ও কল্যাণ পার্টি।
বিএনপির দুই অংশ, আওয়ামী লীগসহ কয়েকটি দল এখনো তাদের মতামত জানায়নি।
বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টি ও বিকল্পধারার সঙ্গে সরকারের সংলাপ হয়েছে। রোববার সংলাপের দ্বিতীয় দিনে জাসদ (ইনু), সোমবার কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সরকারের আলোচনা হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জেকে/এমএ/১৯২৬ ঘ.
bdnews24