২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিতেও সংস্কার প্রয়োজন: মুজাহিদুল ইসলাম সেলিম

রাজনৈতিক সংস্কারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও সংস্কার প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক সংস্কারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও সংস্কার প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, "রাজনৈতিক সংস্কারের কথা বলে মুখে ফেনা তোলা হচ্ছে। কিন্তু অর্থনীতির সংস্কারের কথা কেউ বলছে না। অথচ অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার ছাড়া অনাচার-লুটপাটের অবসান হবে না। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদাগুলোও পূরণ করা যাবে না।" তিনি জিনিসপত্রের দামের সঙ্গে সঙ্গতি রেখে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানান। বৈঠকে অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জামান বলেন, "একটি দেশ ও সমাজকে সুস্থভাবে বিকশিত করতে চাইলে প্রত্যেকের ন্যায্য অধিকার দিতে হবে। না হয় সমাজ ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় থাকবে।" 'গার্মেন্টস শ্রমিকদের বাসস্থানের জন্য বাজেটে বরাদ্দ চাই' শীর্ষক এ বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক জলি তালুকদার। তিনি তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য 'গার্মেন্টস পল্লী' গড়ে তোলাসহ শ্রমিকদের অধিকার সম্পর্কিত পাঁচ দফা দাবি জানান। সংগঠনের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বৈঠকে বক্তব্য রাখেন বিচারপতি গোলাম রব্বানী, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/২১৪৫ ঘ.