২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে নির্বাচনী আইনের খসড়া দিয়েছে ইসি

নির্বাচনী আইনের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেলে ইসির সভায় খসড়া চূড়ান্ত হওয়ার পরপরই তা মন্ত্রণালয়ে পাঠানো হয়। নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনী আইনের খসড়া সোমবার বিকেলে পাঠানো হলেও আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে তা গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আইনের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেলে ইসির সভায় খসড়া চূড়ান্ত হওয়ার পরপরই তা মন্ত্রণালয়ে পাঠানো হয়। নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনী আইনের খসড়া সোমবার বিকেলে পাঠানো হলেও আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে তা গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়। ইসি কর্মকর্তারা জানান, চূড়ান্ত খসড়ায় আদালতের মাধ্যমে দণ্ডিত যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, প্রার্থী পছন্দ না হলে ব্যালট পেপারে 'না' ভোটের সুযোগ রাখা এবং একজন প্রার্থীকে সর্বোচ্চ তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে বলা হয়েছে। এতে প্রার্থীর ৮ দফা তথ্য সম্বলিত হলফনামা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর জন্য আসনভিত্তিক নির্বাচনী ব্যয়সীমা ও প্রত্যেক আসনে ভোটার সংখ্যার ভিত্তিতে প্রার্থীর ব্যয়সীমা নির্ধারণ করতে বলা হয়েছে। গত ৫ মে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছিলেন, "মন্ত্রণালয়ে যাচাই বাছাইয়ের পর উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে প্রস্তাবগুলো অধ্যাদেশ আকারে জারি করা হবে। এটি হলে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ রহিত হয়ে যাবে।" কমিশন নির্বাচনী আইন ও বিধির যে তিনটি খসড়া চূড়ান্ত করেছে সেগুলো হলো- গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ২০০৮; রাজনৈতিক দল (নিবন্ধিকরণ) বিধিমালা, ২০০৮ এবং রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮। আরেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ৮ মে সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনার পর খসড়ায় বেশ কিছু সংযোজন-পরিমার্জন হয়েছে। তবে দ্বিতীয় দফা আলোচনার পর বড় ধরনের হেরফের হয়নি।" এ মাসে আইন জারি হলে আগামী মাস থেকেই রাজনৈতিক দলের নিবন্ধন শুরু হবে বলেও তিনি জানান। প্রস্তাবিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ব্যয় তার ভোটার এলাকার ভোটার সংখ্যার ভিত্তিতে মাথাপিছু হারে নির্ধারণ করা হবে। তবে একক নির্বাচনী এলাকার জন্যে এ ব্যয় ১৫ লাখ টাকার বেশি হতে পারবে না। রাজনৈতিক দলের নিবন্ধনের শর্তের মধ্যে রয়েছে- দলটিকে বিগত যে কোনো সংসদ নির্বাচনে অন্তত একটি আসন পেতে হবে অথবা যে কোনো একটি নির্বাচনে দল যতগুলো আসনে অংশ নিয়েছে সেসব আসনে পাওয়া ভোট প্রদত্ত মোট ভোটের ৫ শতাংশ হতে হবে। অথবা অন্তত এক তৃতীয়াংশ জেলায় দলের কার্যকর জেলা কমিটি এবং অন্তত একশটি উপজেলা/মেট্রোপলিটন থানার প্রতিটিতে দুইশ সদস্য থাকতে হবে যারা ভোটার হিসেবে নিবন্ধিত। এছাড়া নিবন্ধনের জন্য দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল পর্যায়ে নির্বাচিত কমিটি থাকতে হবে। দলের বিভিন্ন কমিটির ৩৩ শতাংশ পদ ২০২০ সালের মধ্যে নারীর জন্য সংরক্ষণের বিধান দলের গঠনতন্ত্রে রাখতে হবে। নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত প্রস্তাবিত বিধিতে বলা হয়েছে, সাদা কালো রঙের পোস্টারে প্রতীক ও প্রার্থীর ছবি ছাড়া অন্য কোনো ছবি বা প্রতীক থাকা চলবে না। প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে শুধু বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টারে ছাপানো যাবে। দেওয়াল, দালান, থাম, বাড়ি-ঘরের ছাদ, সেতু, সড়ক দ্বীপ, রোড ডিভাইডার, যানবাহন বা অন্য কোনো স্থাপনায় প্রচারণামূলক লিখন বা অঙ্কন করা যাবে না। বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা দলকে সর্বোচ্চ এক লাখ ও সর্বনিম্ন ২০ হাজার টাকা জরিমানা এবং বিশেষ ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২০১৯ ঘ.