২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার ভাষণে হতাশ দেলোয়ার, সন্তুষ্ট হাফিজ

প্রধান উপদেষ্টার ভাষণে হতাশা ব্যক্ত করেছেন খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তবে সংস্কারপন্থী হিসেবে পরিচিত অংশের অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ এ ভাষণকে স্বাগত জানিয়েছেন। "প্রধান উপদেষ্টার ভাষণে দেশের মানুষের আশার প্রতিফলন ঘটেনি। বরং মনে হয়েছে, নীলনকশার পরিকল্পনা অনুযায়ী নেপথ্যের শক্তির ইশারায় তত্ত্বাবধায়ক সরকার এগুচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান উপদেষ্টার ভাষণে হতাশা ব্যক্ত করেছেন খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তবে সংস্কারপন্থী হিসেবে পরিচিত অংশের অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ এ ভাষণকে স্বাগত জানিয়েছেন। "প্রধান উপদেষ্টার ভাষণে দেশের মানুষের আশার প্রতিফলন ঘটেনি। বরং মনে হয়েছে, নীলনকশার পরিকল্পনা অনুযায়ী নেপথ্যের শক্তির ইশারায় তত্ত্বাবধায়ক সরকার এগুচ্ছে।" ভাষণ শোনার পর সংসদ ভবনের ন্যাম ফ্লাটের বাসায় সাংবাদিকদের এ কথা বলেছেন খোন্দকার দেলোয়ার। অপর দিকে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, " প্রধান উপদেষ্টা ভাষণে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করাকে আমি ইতিবাচক দিক বলেই মনে করি। এজন্যে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাই।" "তিনি ভাষণে জাতীয় সনদের যে প্রস্তাব দিয়েছেন আমরা প্রাক সংলাপে এধরনের প্রস্তাবই দিয়েছিলাম। ভাষণে এর প্রতিফলন ঘটেছে। দেশের মানুষ আর জ্বালাও পোড়াও আর প্রতিহিংসার রাজনীতি চায় না।" বলেন মেজর হাফিজ। নির্বাচনের দুই সপ্তাহ আগে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হাফিজ। খোন্দকার দেলোয়ার এক প্রশ্নের জবাবে বলেন, "সমগ্র জাতি প্রধান উপদেষ্টার ভাষণে হতাশ হয়েছে। ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহারের নিয়ে কোনো কথাই নেই। দুই নেত্রীর মুক্তির বিষয়ে কথা বলেননি। দ্রব্যমূল্য বাড়ার বিষয়ে কোনও কথা নেই।" তিনি ক্ষোভের সঙ্গে জানান, নির্বাচনের আগে 'জাতীয় সনদ'-এর যে প্রস্তাব প্রধান উপদেষ্টা দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। জাতীয় সংসদের বাইরে সংবিধান সংশোধনসহ কোনো কিছুর বিষয়ে রাজনীতিবিদরা অঙ্গীকার করতে বাধ্য নন। দেলোয়ার বলেন, "সংলাপে যাওয়া না যাওয়ার বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আমাদের দাবি, বেগম জিয়াকে মুক্তি দিন। সংলাপে যাওয়ার জন্যে চেয়ারপারসনের মুক্তি চাই।" তিনি 'ঘরোয়া রাজনীতি শর্তসাপেক্ষে শিথিল করার' প্রধান উপদেষ্টার ঘোষণাকে অগ্রহণযোগ্য মন্তব্য করেনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এমএইচবি/২১৩৩ ঘ.