২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি মামলা: তৈমুুরসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, হুদাকে অব্যাহতির সুপারিশ

সিএনজি অটোরিক্সা উচ্চমূল্যে বাইরে বিক্রি করার অভিযোগে বি আর টি সির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তৈমুুর আলম খন্দকারসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিএনজি অটোরিক্সা উচ্চমূল্যে বাইরে বিক্রি করার অভিযোগে বি আর টি সির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তৈমুুর আলম খন্দকারসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পুরনো প্রযুক্তির অটো রিক্সা চালকদের কাছে থেকে টাকা নিয়েও তাদের মধ্যে সিএনজি অটোরিক্সা বিতরণ না করে তা বাইরে বিক্রি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। 'অভিযোগ প্রমাণিত না হওয়ায়' তদন্ত কর্মকর্তা সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলুসহ ৫ জনকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করেছেন । সোমবার মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক বেড়া হালদার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তৈমুর আলম খন্দকার ছাড়া মামলার অন্য আসামিরা হলেন ঢাকা অটো টেম্পো, অটোরিক্সা, অটো ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোখলেসুর রহমান, সংগঠনের আহবায়ক হাজী মো. ফজলুল হক ও বিআরটিসির সাবেক জেনারেল ম্যানেজার উৎপল কান্তি সাহা। রাজধানীর পল্টন থানায় গত বছরের ১৯ আগস্ট মামলাটি দায়ের করেছিলেন ঢাকা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হানিফ খোকন। মামলার অভিযোগপত্রভুক্তদের বিরুদ্ধে ১৬৮ টি সিএনজি অটো রিক্সা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ না করে চড়া দামে বাইরে বিক্রি করার অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১০৯ঘ.