২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভালো প্রার্থী' খুঁজছেন এরশাদ

উপজেলা নির্বাচনে জিততে সক্ষম 'ভালো প্রার্থী' খুঁজে আনতে মাঠ পর্যায়ের নেতাদের ১৫ দিন সময় দিয়েছেন সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদ। নিজের শাসনামলে কোনো মন্ত্রী-এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি দাবি করে এরশাদ বলেছেন, এখন দুর্নীতির কারণেই রাজনীতিবিদরা কলঙ্কিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনে জিততে সক্ষম 'ভালো প্রার্থী' খুঁজে আনতে মাঠ পর্যায়ের নেতাদের ১৫ দিন সময় দিয়েছেন সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদ। নিজের শাসনামলে কোনো মন্ত্রী-এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি দাবি করে এরশাদ বলেছেন, এখন দুর্নীতির কারণেই রাজনীতিবিদরা কলঙ্কিত হচ্ছে। বুধবার দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাপার জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়কদের সঙ্গে দিনব্যাপী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির ৭১টি রাজনৈতিক কমিটির মধ্যে ৬৫টি কমিটির নেতারা অংশ নেন। এরশাদ বলেন, "উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। এজন্য ১৫ দিনের মধ্যে আমি প্রার্থীর নাম চাই। দলের জন্য যোগ্য ও ভাল প্রার্থী খুঁজে আনতে হবে; যাতে তারা জিতে আসতে পারেন।" আওয়ামী লীগ ও বিএনপিতে দ্বিধা-বিভক্তির অবস্থা তুলে ধরে এরশাদ বলেন, "আমার দলে কোনো বিভেদ নেই। আমরা ঐক্যবদ্ধ আছি। উপজেলা, পৌরসভা ও সংসদ নির্বাচনে অংশ নিতে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।" গত ১৭ বছর উপজেলা ব্যবস্থা বন্ধ করে রেখে দেশের উন্নয়ন ধারা ব্যাহত ও সাংসদদের হাতে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছিল- অভিযোগ করে এরশাদ বলেন, "সংসদ সদস্যরা দুর্নীতি ও গম চুরি করতেই উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে দেননি। আমার সময়ে কোনো মন্ত্রী-এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। অথচ এখন দুর্নীতির জন্য আমরা (রাজনীতিবিদরা) এখন কলঙ্কিত হয়েছি।" নির্বাচনী এলাকার সীমানা পুনর্র্নিধারণ কার্যক্রমের প্রতি সমর্থন জানান এরশাদ। গ্রামের অভাবী মানুষদের জন্য পল্লী রেশনিং চালু করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। দলের সভাপতিমন্ডলীর জ্যেষ্ঠ সদস্য রওশন এরশাদ বলেন, "১/১১ এর আগের অবস্থায় আর দেশকে ফিরিয়ে নেওয়া যাবে না। দলের সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।" অনুষ্ঠানে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদারও বক্তব্য দেন। সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল গুপ্ত, মোস্তফা জামাল হায়দার, করিম উদ্দিন ভরসা, ফকির আশরাফ, গোলাম রেজা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা নেতারা সংগঠন শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ দেন। এই পর্বটি ছিল রুদ্ধদ্বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসএনডি/এমএ/১৮৩০ ঘ.