২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের বিনামূল্যে চাল বিতরণের দাবি বি চৌধুরীর

চালের দাম না কমা পর্যন্ত শ্রমিকদের বিনা মূল্যে চাল বিতরণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে মে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম না কমা পর্যন্ত শ্রমিকদের বিনা মূল্যে চাল বিতরণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে মে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বিকল্প ধারার শ্রমিক সংগঠন বিকল্প শ্রমজীবীধারা আয়োজিত এ সভায় তিনি বলেন, "শ্রমিকদের ৮ ঘন্টার মজুরী ও নারী-পুরুষের সমান বেতনভাতার মৌলিক দাবি আজও পূরণ হয়নি। শ্রম ও শ্রমিকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।" তিনি ভারতের গার্মেন্টস শ্রমিকদের মতো বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদেরও ভাল বেতন দেওয়ার দাবি জানান। চালের মূল্য না কমা পর্যন্ত শ্রমিকদের বিনামূল্যে চাল সরবরাহের দাবি জানিয়ে তিনি বলেন, "সরকারকে বলব, চালের দাম না কমা পর্যন্ত শ্রমিকদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণের ব্যবস্থা নিন।" দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান বলেন,'' শ্রমিকদের অর্থনৈতিক মুক্তি না হলে দেশে শিল্পায়ন বা অর্থনৈতিক উন্নতি কোনটাই হবে না।'' মহানগর শ্রমজীবী বিকল্পধারার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় দলের সভাপতিমন্ডলীর সদস্য জয়নাল আবেদীন, অধ্যক্ষ আবদুর রশিদ, মাহমুদা হক, আবদুর রউফ মান্নান, সাজু কামাল, সানাউল হক নীরু, আবদুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/১৯৩৩ ঘ.