২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার পাসপোর্ট এই মুহূর্তে ফেরত দেওয়া ঠিক হবে না: আদালতকে পুলিশ

তদন্তের স্বার্থে শেখ হাসিনার জব্দ করা তিনটি পাসপোর্ট, গাড়ি ও অন্যান্য কাগজপত্র এখনই ফেরত না দেওয়া ঠিক হবে বলে আদালতকে জানিয়েছে ধানমণ্ডি থানা পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বুধবার পুলিশ প্রতিবেদনে এ কথা বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্তের স্বার্থে শেখ হাসিনার জব্দ করা তিনটি পাসপোর্ট, গাড়ি ও অন্যান্য কাগজপত্র এখনই ফেরত না দেওয়া ঠিক হবে বলে আদালতকে জানিয়েছে ধানমণ্ডি থানা পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বুধবার পুলিশ প্রতিবেদনে এ কথা বলা হয়। গত ১২ মার্চ শেখ হাসিনার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী ধানমন্ডি থানা পুলিশকে পাসপোর্ট ফেরতের নির্দেশ দেন। গত বছরের ১৬ জুলাই হাসিনার ধানমণ্ডির বাসা থেকে পাসপোর্ট ও গাড়ি জব্দ করে পুলিশ। পরে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়। এর তদন্ত করছেন ধানমন্ডি থানার উপ পরিদর্শক জুলফিকার আলী। বুধবার আদালতে পাঠানো প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, 'সাধারণ ডায়েরিটি তদন্তাধীন থাকায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও অন্যান্য জিনিসপত্র তাকে ফেরত দেওয়া ঠিক হবে না।' মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন প্রতিবেদনের ওপর শুনানির জন্য ২৬ মে তারিখ দেন। পাসপোর্ট ফেরতের আবেদনে হাসিনার আইনজীবী সাহারা খাতুন, কামরুল ইসলাম বলেন, চিকিৎসার জন্য শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য তার পাসপোর্ট ফেরত পাওয়া প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/১৯৪৪ ঘ.